ম্যানিলা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- টাইফুন দুর্গতদের জন্য আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে ফিলিপাইন। উদ্ধার তৎপরতায় ধীরগতির জন্য ক্ষমাও চেয়েছে সরকার। ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজোনে আঘাত হানা এ টাইফুন কেটসানায় অন্ততপক্ষে ৫৮ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২০ জন।
প্রচন্ড বৃষ্টির কারণে ম্যানিলা ও আশেপাশের প্রদেশগুলোতে কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গৃহহীন হয়েছে অসংখ্য মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা একথা জানিয়েছেন।
টেলিভিশনে দেখা গেছে পানিতে তলিয়ে যাওয়া বাড়িঘর। ম্যানিলার পূর্বে রিজাল প্রদেশে নিহত হয়েছে অন্ততপক্ষে ৪৭ জন। বন্যার পানিতে এবং দেয়াল ধসে নিহত হয়েছে আরও ১১ জন।
ম্যানিলায় বাড়িঘরের ছাদে আশ্রয় নিয়েছে দুর্গতরা। তারা সাহায্যের আবেদন জানাচ্ছে। টেলিভিশনে এক বার্তায় প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোয়ো লোকজনকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সাহায্য দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন।
জাতীয় দুর্যোগ সমন্বয় কাউন্সিলের মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, "আমরা লোকজনকে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করছি। দেরী হওয়ার জন্য আমরা দুঃখিত। বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতায় কঠিন পরিস্থিতির মুখে পড়ছি আমরা।"
ম্যানিলার ৮০ শতাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে বলে জানানো হয়েছে কয়েকটি প্রতিবেদনে। ম্যানিলাসহ ২৫ টি অঞ্চলকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছেন অ্যারোয়ো। এসব এলাকায় জরুরি ভিত্তিতে উদ্ধার তৎপরতা এবং ত্রাণ কাজ চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
দুর্যোগের কারণে বিমানবন্দরের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সমস্ত ফ্লাইট বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ফলে দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী। ব্যবসা-বাণিজ্য, দোকনপাটও বন্ধ রয়েছে।
সঙ্কট সামাল দিতে সরকারের পদক্ষেপ সমালোচনার শিকার হয়েছে। ক্ষুব্ধ লোকজন বেতার স্টেশনগুলোকে সাহায্যের আবেদন জানানোর আহ্বান জানাচ্ছে এবং দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির অভাবের জন্য রাষ্ট্রীয় সংস্থাগুলোকে দায়ী করছে। রাজনীতিতে এর বড়ো ধরনের প্রভাব পড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪২৭ ঘ.
bdnews24