তেহরান, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে রোববার ২ টি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান। ইরানের রেভল্যুশনারি গার্ড শনিবার কয়েকদিনের সামরিক মহড়া চালানোর ঘোষণা দেওয়ার পর এ পরীক্ষা চালাল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানিয়েছে।
ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভি স্ক্রল শিরোনামে বলেছে, "ইরান ২টি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।" এর একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ফাতেহ ক্ষেপণাস্ত্র এবং অন্যটি নৌ ক্ষেপণাস্ত্র টোন্ডার বলে জানানো হয়েছে। টিভি ফুটেজে মরু এলাকা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্য এবং বাষ্প দেখা যায়।
সামরিক মহড়ার প্রথমদিনে একইসঙ্গে কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকও পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে প্রেস টিভি।
তেহরানের পরমাণু কর্মসূচি পশ্চিমাদের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান এই পরীক্ষা চালাল। গত সপ্তাহে ইরান ২য় আরেকটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প হাতে নেওয়ার কথা প্রকাশ করার পর পশ্চিমের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।
এর মধ্যে ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তেজনা আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, সোমবার ইরান শাবাব-৩ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটার বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা। এ ধরনের ক্ষেপণাস্ত্র এর আগেও কয়েকবার পরীক্ষা করেছে ইরান।
গত মে মাসে ইরান একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানায়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ওই ক্ষেপণাস্ত্র ইসরায়েল এবং উপসাগরীয় মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সন্দেহ পোষণ করে আসা যুক্তরাষ্ট্র এর আগেও তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে ইরান তাদের পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে বলে দাবি করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৫৩ ঘ.
bdnews24