ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ৭০ বছরের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক মন্দার কারণে যুক্তরাষ্ট্রে বয়স্ক লোকেরাও চাকরির খোঁজে নেমেছে। একটি বেসরকারি জরিপ থেকে এমন তথ্যই বেরিয়ে এসেছে।
'এক্সপেরিয়েন্স ওয়ার্ক' নামের বেসরকারি প্রতিষ্ঠানের জরিপের ফলাফলটি মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে চাকরি খুঁজছে এমন ২ হাজার নিুআয়ের লোকের মধ্যে শতকরা ৪৬ জনেরই বয়স ৫৫ বছরের বেশি। এদের অর্ধেকেরও বেশি এক বছরেরও বেশি সময় ধরে চাকরি খুঁজছেন।
সমাজ সেবাভিত্তিক এ সংগঠনটি বয়স্ক চাকরি প্রার্থীদের প্রশিক্ষণ ও কাজের সুযোগ করে দেয়। সংস্থাটি গত দুই মাসে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্য ও পুয়ের্তো রিকোয় জরিপটি চালিয়েছে।
এক্সপেরিয়েন্স ওয়ার্কের প্রেসিডেন্ট ও নির্বাহী কর্মকর্তা সিনথিয়া মেলজার বলেছেন, "এ লোকগুলো তাদের কাজ করার বয়স অনেক পেছনে ফেলে এসেছে।"
তিনি আরও বলেন, "এদের মধ্যে অনেকের বয়সই ৬০/৭০ বছর এবং তারও বেশি। তবুও এরা মরিয়া হয়ে কাজের খোঁজে নেমেছে যাতে করে মাথা ওপর ছাদ থাকে এবং টেবিলে খাবার পায়।"
জরিপ অনুযায়ী অনেকেরই তাদের ৬০ তম জন্মদিন পার করার পর আর কাজ করার কোনো ইচ্ছে ছিল না। তবে তাদের সিদ্ধান্ত বদলাতে হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের এক তৃতীয়াংশ কাজ থেকে অবসর নেওয়ার পর আবার কাজ খুঁজছেন।
জরিপে ৭৬ বা তার চেয়ে বেশি বয়সের অংশগ্রহণকারীদের ৯০ ভাগই আগমী পাঁচ বছর কাজ করার ইচ্ছা পোষণ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬১৭ ঘ.
bdnews24