২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতানিয়াহু-আব্বাসকে শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জ ওবামার

মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়া সচল করতে যথেষ্ট তৎপর না হওয়ায় ইসরায়েলি ও ফিলিস্তিনের দুই শীর্ষ নেতাকে ভর্ৎসনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। অধৈর্য হয়ে ওঠা ওবামা তাদেরকে শিগগিরই পুনরায় আলোচনা শুরু করতে বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2009, 08:43 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়া সচল করতে যথেষ্ট তৎপর না হওয়ায় ইসরায়েলি ও ফিলিস্তিনের দুই শীর্ষ নেতাকে ভর্ৎসনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। অধৈর্য হয়ে ওঠা ওবামা তাদেরকে শিগগিরই পুনরায় আলোচনা শুরু করতে বলেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে মঙ্গলবার নিউ ইয়র্কে ত্রিপক্ষীয় বৈঠকে ওবামা বলেন, "আলোচনা শুরু করার কথা বলা অতীতের বিষয়। এখন সামনে এগোনোর সময়।" গত মার্চে নেতানিয়াহু ক্ষমতায় আসার পর তিন নেতার মধ্যে এটাই প্রথম বৈঠক। আব্বাস এক বিবৃতিতে ফিলিস্তিনিদের দাবি পুনর্ব্যক্ত করে বলেছেন, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত এলকায় ইহুদি বসতি বন্ধ করতে হবে। নেতানিয়াহুর সরকার এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। ওবামা গত জানুয়ারি ক্ষমতায় আসার পরই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠাকে তার প্রধান অগ্রাধিকার বলে ঘোষণা করেন। পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশ ছিলেন উল্টো। মধ্যপ্রাচ্যে সংঘাতকে অবজ্ঞা করায় তিনি আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছিলেন। তিন নেতার এই সম্মেলন থেকে অচালাবস্থার আশু নিরসনের কোনো আলামত পাওয়া যায়নি। ছয়দশক ধরে চলা ওই সংঘাত নিরসনে মার্কিন কূটনৈতিক প্রচেষ্টাও প্রত্যাখ্যাত হয়ে এসেছে। ওবামা প্রথমবারের মতো এই সমস্যায় সরাসরি হস্তক্ষেপ করলেন। তবে ওবামার এই চাপ সৃষ্টিতেও ফল আসার কোনো লক্ষণ দেখা যায়নি। বৈঠকের পরপরই নেতানিয়াহু সাংবাদিকদের বলেছেন, "যত শিগগির সম্ভব কোনো শর্ত ছাড়া শান্তিপ্রক্রিয়া পুনরায় শুরু করতে আমরা সাধারণ ঐকমত্যে পৌঁছেছি।" বৈঠকের আগে এবিসি টেলিভিশনকে নেতানিয়াহু বলেন, তিনি নতুন বসতি স্থাপন বন্ধের অঙ্গীকার করবেন, তবে ইতিমধ্যেই স্থাপিত বসতির বিস্তাররোধে রাজি হবেন না। তবে কীভাবে এবং কবে থেকে বসতি স্থাপন বন্ধ হবে তা স্পষ্ট করে বলেননি তিনি। নেতানিয়াহু আবারও তার পুরনো বাগধারা তুলে ধরে বলেন, "জনগণকে জীবন কাটাতে হবে, জীবনযাপন রুদ্ধ করা যায় না।" বৈঠক শুরু হলে নেতানিয়াহু ও আব্বাসকে করমর্দন করতে এগিয়ে নেন ওবামা। করমর্দনের সময় দুজনেরই মুখে ছিল স্মিত হাসি। ওবামা বলেন, "এই দুই নেতার প্রতি আমার বার্তা খুব স্পষ্ট। সব প্রতিবন্ধকতা, সব ইতিহাস, সব অবিশ্বাস পেছনে ঠেলে আমাদের সামনে চলার পথ খুঁজে বের করতে হবে।" তিনি বলেন, "স্থায়ী রাষ্ট্রীয় মর্যাদার বিষয়ে আলোচনা শিগগিরই শুরু হতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪২৯ ঘ.