জাতিসংঘ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের উষ্ণায়ন রোধের লড়াইয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে মঙ্গলবার বিশ্বের প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন। তবে স্থগিত হয়ে থাকা জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত চুক্তির আলোচনায় গতি আনতে তিনি নতুন কোনো প্রস্তাব দেননি।
বিশ্ব উষ্ণায়ন নিয়ে নিউ ইয়র্কে জাতিসংঘের বিশেষ সম্মেলনে ওবামার বক্তৃতার কিছুক্ষণ পর চীনের প্রেসিডেন্ট হুয়া জিনতাও তার বক্তৃতায় নিজ দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি করতে গিয়ে কার্বন নির্গমন কমানোর অঙ্গীকার করেছেন।
ওবামা বলেন, এই সমস্যার সমাধানের জন্য সময় দ্রুত শেষ হয়ে আসছে।
"আমাদের প্রজন্ম এই সমস্যার চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলার করল তা ইতিহাস বিচার করবে। আমরা সাহস, দ্রুততা ও একসঙ্গে তা মোকাবেলা করতে ব্যর্থ হলে ভবিষ্যত প্রজন্মকে শুধরানোর অযোগ্য এক দুর্যোগের মধ্যে ফেলে দেবো।"
"এই স্রোতকে বিপরীতমুখী করার সময় আমাদের শেষ হয়ে আসছে।"
পরিবেশ আন্দোলনকারীরা আশা করছেন, জলবায়ুর পরিবর্তনের গতি মন্থর করতে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে উপনীত হতে আড়াই মাস পরে কোপেনহেগেনে ১৯০টি দেশের যে সম্মেলন হবে, চলতি সম্মেলনের মাধ্যমে তার কাজে গতি সঞ্চার করবে যুক্তরাষ্ট্র ও চীন।
সম্মেলনের আহ্বানকারী জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, ওই লক্ষ্যে আলোচনার গতি খুব মন্থর।
তিনি বলেছেন, "কোপেনহেগেনে একটি বৃহত্তর চুক্তিতে পৌঁছাতে না পারা নৈতিক দিক থেকে অগ্রহণযোগ্য, অর্থনৈতিকভাবে খর্বদর্শিতা এবং রাজনৈতিকভাবে প্রজ্ঞাহীনতার পরিচায়ক হবে।"
জাতিসংঘের এই সম্মেলনে গ্রিনহাউস নির্গমন রোধের দায়ভার কে, কীভাবে বহন তা নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে তুমুল বিতর্ক হবে বলে ধারণা করা হচ্ছে। উষ্ণতা বৃদ্ধির কারণে গরিব দেশগুলো তাদের ক্ষতি কাটাতে ধনী দেশগুলোর প্রতি বছরে শত শত বিলিয়ন ডলার ব্যয় করার জন্য চাপ দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২১৪ ঘ.
bdnews24