মস্কো, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইসরায়েল ইরানে হামলা করবে না বলে রাশিয়ার কাছে অঙ্গীকার করেছে। রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ রোববার সিএনএ-এ প্রচারিত এক সাক্ষাৎকারে একথা জানিয়ে বলেছেন, "এ ধরনের হামলা এক কল্পনাতীত ভয়ঙ্কর ঘটনা।"
ইরান পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ করার আহ্বান প্রত্যাখ্যান করলে ইসরায়েল শক্তি দিয়ে হলেও তেহরানের পরমাণু বোমা বানানোর সামর্থ্য নস্যাৎ করবে বলে ইঙ্গিত দিয়েছিল। তেহরানে এস-৩০০ বিমানবিধ্বংসী অস্ত্র সরবরাহ করতে রাশিয়ার রাজি হওয়ায় সমালোচনাও করেছিল ইহুদি রাষ্ট্রটি। ইরানে হামলা চালানো ক্ষেত্রে এই অস্ত্র বাধা হয়ে দাঁড়ানোর কথা।
সাক্ষাৎকারে মেদভেদেভ ইরানকে রাশিয়ার মদদ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেন। তবে তিনি বলেন, একটি দেশকে আত্মরক্ষার অস্ত্র সরবরাহের অধিকার আছে মস্কোর। সর্বশেষ চেষ্টা হিসেবেই তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি ভাবা উচিত।
বৃহস্পতিবার ধারণ করা সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট বলেন, ইরানের ওপর হামলা হলে "মানবিক বিপর্যয় দেখা দেবে, বিপুলসংখ্যক মানুষ উদ্বাস্ত হবে। ইরান প্রতিশোধ নিতে চাইবে এবং সত্যিকথা বলতে কি, শুধু ইসরায়েল নয়, অন্যদেশকেও প্রতিশোধের টার্গেট করতে পারে তেহরান।"
"তবে আমার ইসরায়েলি সতীর্থরা আমাকে বলেছে, তারা এধরনের কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে না, এবং আমি তাদের কথায় বিশ্বাস রাখছি।"
মেদভেদেভ জানান, গত আগস্টে রাশিয়ার পর্যটনকেন্দ্র সোচিতে ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেস তার সঙ্গে বৈঠকে বলেছেন, ইসরায়েল ইরানে হামলা চালাবে না। ওই বৈঠকের পর পেরেস সাংবাদিকদের বলেন, ইরানে এস-৩০০ বিমানবিধ্বংসী অস্ত্র সরবরাহের বিষয়টি পুনর্বিবেচনা করার প্রতিশ্র"ত দিয়েছেন মেদভেদেভ।
ইরানে এস-৩০০ সরবরাহের ব্যাপারে সিএনএন'র প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, ইরানে আত্মরক্ষার অস্ত্র বিক্রির অধিকার রাশিয়ার আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮০১ ঘ.
bdnews24