২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীতের আগেই আফগান নির্বাচন প্রক্রিয়া শেষ করার প্রত্যয় জাতিসংঘের

শীতের আগেই আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া শেষ করার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছে জাতিসংঘ। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগের তদন্ত সাপেক্ষে দ্বিতীয় দফা ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপার ছাপার কাজও চলছে বলে রোববার জানিয়েছেন বিশ্বসংস্থার একজন মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2009, 01:49 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

কাবুল, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শীতের আগেই আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া শেষ করার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছে জাতিসংঘ। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগের তদন্ত সাপেক্ষে দ্বিতীয় দফা ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপার ছাপার কাজও চলছে বলে রোববার জানিয়েছেন বিশ্বসংস্থার একজন মুখপাত্র। অক্টোবরের তৃতীয় সপ্তাহে সম্ভাব্য দ্বিতীয় দফা ভোটগ্রহণের ব্যাপারে চিন্তাভাবনা চলছে। গত ২০ আগস্ট আফগানিস্তানে একযোগে ভোটগ্রহণ হয়। প্রাথমিক ফলে বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই ৫৪ দশমিক ছয় শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। ভোটগ্রহণে জালিয়াতির অভিযোগ ওঠায় জাতিসংঘ সমর্থিত নির্বাচন পর্যবেক্ষক ইলেক্টোরাল কমপ্লায়েন্টস কমিশন দেশটির ১০ শতাংশ ভোটকেন্দ্রের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছে। পুনর্গণনায় হামিদ কারজাইয়ের ভোট ৫০ শতাংশের বেশি না হলে দ্বিতীয় দফা তাকে প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে লড়তে হবে। সে ক্ষেত্রে শীত আসার আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে। কারণ শীতে আফগানিস্তানের অধিকাংশ এলাকা দুর্গম হয়ে পড়ে। শনিবার আফগানিস্তানের একজন নির্বাচন কর্মকর্তা জানান, দ্বিতীয় দফা ভোটাভুটির দরকার পড়লে সেটা অক্টোবরের তৃতীয় সপ্তাহের হতে পারে। এরপর বৈরী আবহাওয়ার কারণে দেশের অধিকাংশ এলাকায় ভোটগ্রহণ সম্ভব হবে না। সম্ভব না হলে আগামী বছর পর্যন্ত স্থগিত রাখতে হবে। এ অবস্থায় জালিয়াতির অভিযোগ তদন্তকারীরা আর দুই সপ্তাহ সময় পাবেন। আর দুই সপ্তাহ প্রার্থীদের প্রচারণার সুযোগ দিতে হবে। জাতিসংঘের মুখপাত্র আলিম সিদ্দিক জানান, ভোট পুনর্গণনা খুব দ্রুত শেষ করা যাবে- এ ব্যাপারে আমি আস্থাবান। পুনর্গণনা হয়ে গেলেই জানা যাবে হামিদ কারজাই প্রেসিডেন্ট থাকছেন না কি এ বছরই আবার দ্বিতীয় দফা ভোটাভুটি হবে। তিনি জানান, ঝুঁকি এড়াতে সম্ভাব্য দ্বিতীয় দফা ভোট নিতে প্রয়োজনীয় ব্যালট পেপার ছাপার জন্য আফগানিস্তানের নির্বাচন কর্মকর্তারা ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন। আলিম সিদ্দিক বলেন, "আমরা সবাই জানি শীত আসছে। শীতে ভোটগ্রহণ কঠিন হবে। তাই প্রয়োজনে এ বছরই দ্বিতীয় ভোটগ্রহণে উদ্যোগ নেওয়ার ব্যাপারে আমরা আরও বেশি মনোযোগী।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএসবি/এমএইচবি/১৯৩৯ ঘ.