তেহরান, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিরসনের চেষ্টায় বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরানের আলোচনা শুরু হবে ১ অক্টোবরে।
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানার এক মুখপাত্র এ ব্যাপারে ইরানের প্রধান পরমাণু আলোচক সাঈদ জলিলির সঙ্গে আলোচনা হওয়ার কথা নিশ্চিত করে জানিয়েছেন, তারা ওই তারিখে বৈঠকে বসতে রাজি হয়েছে।
বিস্তারিত কিছু না জানিয়ে মুখপাত্র বলেন, আমরা এখন ১ অক্টোবরে তাদের সঙ্গে আলোচনায় বসছি।
ইরানের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তির চেষ্টায় ছয় শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, চীন ও রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন সোলানা।
ইরানের গণমাধ্যম জানিয়েছে, আলোচনার স্থান এখনও নির্ধারিত হয়নি।
ছয় শক্তির উল্লেখ করে ইরানে আধা-সরকারি মেহের বার্তা সংস্থা বলেছে, "সাঈদ জলিলি এবং হ্যাভিয়ার সোলানার মধ্যকার আলোচনায় ৫ ১ দেশের সঙ্গে ইরানের আলোচনা শুরুর দিন ১ অক্টোবর ঘোষণা করা হয়েছে।"
আইএসএনএ বার্তা সংস্থা বলেছে, সোলানা এবং জলিলি দুজনেই আলোচনায় বসতে রাজি হয়েছেন। তবে আলোচনায় কে অংশ নেবে সে বিষয়টি পরিস্কার করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫১ঘ.
bdnews24