শিকাগো, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোয়াইন ফ্লু ভাইরাস থেকে রক্ষায় রোচে এজি উৎপাদিত অ্যান্টিভাইরাস ওষুধ ট্যামিফ্লু মৌসুমিভাইরাসে মারাত্মকভাবে আক্রান্তদেরও জীবন বাঁচাতে সাহায্য করে। দীর্ঘদিন থেকে অন্যান্য রোগে ভোগা লোকজন মৌসুমিভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে এই ওষুধ ভাল কাজ করে। চীনা গবেষকরা রোববার একথা জানিয়েছেন।
হংকং এ ৭৬০ জন ভাইরাসে আক্রান্ত বয়স্ক রোগীর ওপর গবেষণা করে দেখা গেছে রোচে এবং জিলিড ইনকর্পোরেশনের তৈরি ট্যামিফ্লু তাদের ৩৭ শতাংশকে মৃত্যুর কবল থেকে বাঁচিয়েছে।
গবেষণায় অংশ নেওয়া ৬০ শতাংশের বেশি রোগী আগে থেকেই কোনো না কোনো অসুস্থতায় ভুগছিল এবং ৭৮ শতাংশ জ্বরের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।
হংকং এর চাইনিজ ইউনিভার্সিটি গবেষকরা এ গবেষণা করেছেন। ফলাফল সান ফ্রান্সিসকোর 'ইন্টারসায়েন্স কনফারেন্স অন অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্টস অ্যান্ড কেমোথেরাপি' তে উপস্থাপন করা হয়েছে।
এক টেলিফোন ব্রিফিং এ রোচের ফ্লু মহামারী বিষয়ক টাস্কফোর্সের প্রধান ডা. ডেভিড রেড্ডি জানান, এ ওষুধটি মারাত্মকভাবে আক্রান্ত রোগীদেরও জীবন বাঁচাতে পারে।
ওসেল্টামিভির গ্র"পের যে দুটি অ্যান্টিভাইরাস ওষুধ এইচ১এন১ ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ট্যামিফ্লু তার একটি।
হংকং এর দুটি হাসপাতালে ২০০৭ ও ২০০৮ সালের মধ্যে ওই গবেষণাটি করা হয়। এদের মধ্যে অর্ধেককে ট্যামিফ্লু দিয়ে চিকিৎসা করা হয়েছে এবং বাকীদের কিছুই দেওয়া হয়নি। পরে দেখা গেছে দুটি হাসপাতালে মৃত্যু হার প্রায় একই।
রেড্ডি বলেন, "কোনো ধরনের চিকিৎসা না দেওয়াদের তুলনায় যাদের ট্যামিফ্লু দেওয়া হয়েছিল তাদের মৃত্যুর হার ৩৭ শতাংশ কম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৪৩৯ ঘ.
bdnews24