জেনেভা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- এইচ১এন১ ফ্লু'র প্রাদুর্ভাবের শুরুতেই স্কুল বন্ধ রেখে এর বিস্তার বহুলাংশে কমানো সম্ভব। আর এ সময়ের মধ্যে ফ্লুর ওষুধও মজুদ করে নেওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একথা বলেছে।
নিউ ইয়র্ক ও অন্যান্য অনেক জায়গাতেই ক্লাসরুম থেকে দ্রুত সোয়াইন ফ্লু ছড়িয়েছে।
ডব্লিউএইচও গত শুক্রবার বলেছে, কয়েকটি পদক্ষেপ এইচ১এন১ ফ্লুর বিস্তার কমাতে পারে। সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় ফ্লু'র প্রাদুর্ভাবের একেবারে শুরুতেই স্কুল বন্ধ করে দিলে। মোট জনসংখ্যার ১ শতাংশ ফ্লু আক্রান্ত হওয়ার আগেই স্কুল বন্ধ করা ভাল।
তাছাড়া, স্কুল বন্ধ থাকলে মহামারী তুঙ্গে থাকার সময়টিতেও স্বাস্থ্য সেবার চাহিদা ৩০ থেকে ৫০ শতাংশ কমতে পারে। কিন্তু ফ্লুর প্রাদুর্ভাবের পরও স্কুল বন্ধ করতে বেশি দেরী হলে ফ্লু সংক্রমণের হার কমার সম্ভাবনা কমে যায়।
স্কুল বন্ধ রাখলে সে সময়টিতে কর্তৃপক্ষ ফ্লু'র ওষুধ বা টিকা মজুদ করারও সময় পাবে বলে জানায় ডব্লিউএইচও। সংস্থাটি আরও বলেছে, অসুষ্থ বোধ করলে ছাত্র, শিক্ষক কিংবা অন্যান্য স্টাফ সবারই বাড়িতে থাকা উচিত। আর স্কুলে কেউ অসুস্থ বোধ করলে তাকে আলাদা করে রাখার জন্য আলাদা জায়গারও ব্যবস্থা থাকা উচিত বলে জানিয়েছে ডব্লিউএইচও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫১ঘ.
bdnews24