ওয়াশিংটন, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পরমাণু কর্মসূচি বন্ধের চেষ্টায় উত্তর কোরিয়াকে বহুজাতিক আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে দেশটির সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার একথা জানিয়েছে।
এর আগে সরাসরি আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্র মিশ্র ইঙ্গিত দিয়েছিল। এক সময় তারা বলেছিল, উত্তর কোরিয়াকে প্রথমে আবার বহুপক্ষীয় আলোচনায় বসতে হবে, তারপর তারা পিয়ংইয়ংয়ের সঙ্গে সরাসরি আলোচনা করবে। আবার বলেছে, বহুজাতিক আলোচনার ক্ষেত্রেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনা সম্ভব।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি আলোচনার বিষয়ে আগের সিদ্ধান্ত পরিবর্তন করছে না জানিয়ে বলেছে, পিয়ংইয়ংকে বহুজাতিক আলোচনায় ফিরিয়ে আনতে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পি জে ক্রাউলি সাংবাদিকদের বলেন, "উত্তর কোরিয়ার সঙ্গে একটি দ্বিপক্ষীয় আলোচনার বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি।"
একইসঙ্গে তিনি বলেন, "কখন, কোথায় এ আলোচনা অনুষ্ঠিত হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। শুধু এটাই বলা যাচ্ছে ছয়জাতি আলোচনার অগ্রগতির জন্য আমরা একটি দ্বিপক্ষীয় আলোচনার প্রস্তুতি নিচ্ছি।"
তবে এ মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের আগেই এ দ্বিপক্ষীয় আলোচনা হবে কি না সে বিষয়টি নিশ্চিত করে জানাতে পারেননি তিনি। এ ছাড়াও উত্তর কোরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টেফেন বোসওয়ার্থ উত্তর দেশটি সফরের আমন্ত্রণ গ্রহণ করবেন কিনা সে বিষয়ে কিছু জানাতেও তিনি অস্বীকৃতি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১২৪৯ ঘ.
bdnews24