তেহরান, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের বিরোধীদলীয় নেতা মীরহোসেন মুসাভি গ্রেপ্তার ও আটকাভিযান সত্ত্বেও তার সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার তার নিজস্ব ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতির মাধ্যমে তিনি এ আহ্বান জানান।
মুসাভি বলেন, সংস্কারবাদী আলিরেজা হোসেইনি বেহেশতি এবং মোরতেজা আলভিরিকে গ্রেপ্তারের ঘটনায় "আগামী দিনে আরও জঘন্য কাণ্ড ঘটার" ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
কেলেমে. কম ওয়েবসাইটে দেওয়া ওই বিবৃতিতে তিনি বলেন, "আপনারা শান্ত ও সতর্ক থাকবেন।" তিনি আরও বলেন, " সরকারের উসকানির বিষয়েও আপনাদের সতর্ক থাকতে হবে।"
মঙ্গলবারের ওই গ্রেপ্তারের বিষয়টি সংস্কারবাদীদের ওয়েবসাইটে জানানো হয়। এই গ্রেপ্তার ঘটনাকে সংস্কারপন্থিদের ওপর প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের একটি চাপ হিসেবে দেখা হচ্ছে।
বুধবার আহমাদিনেজাদ তার পুনর্নির্বাচিত হওয়াকে পশ্চিমা বিশ্বের পরাজয় অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন পশ্চিমা বিশ্ব ওই নির্বাচনে পক্ষভুক্ত হয়ে পড়েছিল।
আহমাদিনেজাদের উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, "এই প্রেসিডেন্ট নির্বাচন নড়বড়ে উদারপন্থি গণতন্ত্রের মুখে একটি ঐতিহাসিক থাপ্পর।"
মুসাভির ওয়েবসাইটের বেহেশতির স্ত্রীর বরাত দিয়ে জানানো হয়েছে, মঙ্গলবার বেহেশতিকে তার বাসভবন থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
বেহেশতির স্ত্রী জানায়, পাঁচজন নিরাপত্তা এজেন্ট তাদের বাসায় এসে বেশ কয়েক ঘণ্টা ধরে "শোওয়ার ঘরসহ সর্বত্র তল্লাশি চালায়" এবং বেহেশতিকে আটক করে নিয়ে যাওয়ার আগে তার ব্যক্তিগত জিনিসপত্র এবং নথিপত্র জব্দ করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬২৫ ঘ.
bdnews24