প্যারিস, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, ওয়াশিংটন তাকে নিজ উদ্দেশ্য সিদ্ধিতে কাজে লাগাতে চায়। কারজাই বলেন, তার বন্ধুবান্ধব ও পরিবারের নিন্দা করে যুক্তরাষ্ট্র তার অবস্থান ক্ষুন্ন করা এবং তাকে আরও নাজুক অবস্থায় ফেলার চেষ্টা নিয়েছে।
ল্য ফিগারো দৈনিকের সঙ্গে এক সাক্ষাৎকারে কারজাই গত শুক্রবার কুন্দুজ প্রদেশে তালেবানদের দখল করা ২ টি ট্যাংকারে ন্যাটো বিমান হামলার নিন্দা জানান এবং বলেন, তিনি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত কৌশল পরিবর্তনকে সমর্থন দিয়েছেন। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয়।
গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে থাকা কারজাই যুক্তরাষ্ট্রের সঙ্গে তার টানাপোড়েনের সম্পর্ক তুলে ধরে বলেন, তার রানিংমেট মোহাম্মদ কাশিম ফাহিমকে নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা আসলে তাকে (কারজাই) উদ্দেশ্য করেই করা হয়েছে।
কারজাই আরও বলেন, আমেরিকা তার ছদ্মবেশী সমালোচনা করে। কারণ তারা তাকে বাগে রাখতে চায়। তারা ভুল করছে। তারা তাদের স্বার্থেই প্রেসিডেন্টের ওপর আফগান জনগণের শ্রদ্ধা বজায় রাখতে চায়।
তিনি বলেন, আমেরিকার হাতের পুতুল বনে যাওয়া আফগান প্রেসিডেন্ট কারও স্বার্থেই কাম্য নয়।
নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ কারজাইয়ের রানিংমেট ফাহিমকে আফগানিস্তানের সবচেয়ে কুখ্যাত যুদ্ধবাজ নেতা আখ্যা দিয়েছে। ল্য ফিগারো বলেছে, যুক্তরাষ্ট্র তাকে মাদক চোরাকারবারী হিসাবে চিহ্নিত করেছে।
কারজাইয়ের ভাই দুর্নীতিগ্রস্ত এমন অভিযোগের কোনও প্রমাণ কাবুলের মার্কিন দূতাবাস দিতে পারেনি বলে দাবি করেছেন আফগান প্রেসিডেন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৩ ঘ.
bdnews24