ওয়াশিংটন, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---২০০৮ সালে বিশ্বে দুই- তৃতীয়াংশেরও বেশি অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। অথচ এ বছরেই বিশ্বব্যাপী অস্ত্র বিক্রি ছিল তিন বছরের মধ্যে সর্বনিম্ন। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' পত্রিকা রোববার একথা জানিয়েছে।
শুক্রবার প্রকাশিত কংগ্রেসের একটি গবেষণা প্রতিবেদন থেকে টাইমস জানায়, বিশ্বের মোট অস্ত্র ব্যবসার ৬৮ দশমিক ৪ শতাংশ ব্যবসা করেছে যুক্তরাষ্ট্র।
বিশ্বে অর্থনৈতিক মন্দার মধ্যেও ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি লাফিয়ে বেড়েছে ৫০ শতাংশ। ওই বছর ৩৭ দশমিক ৮ বিলিয়ন ডলারের অস্ত্র ব্যবসা করেছে যুক্তরাষ্ট্র। আগের বছর এই অঙ্ক ছিল ২৫ দশমিক ৪ বিলিয়ন ডলার।
২০০৮ সালে বিশ্বব্যাপী অস্ত্রবিক্রি ৭ দশমিক ৬ শতাংশ থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন ডলারে নেমে আসার ধারা ভেঙে লাফিয়ে বেড়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবসা। অস্ত্র বিক্রি চুক্তি ২০০৫ সালেই সবচেয়ে কম ছিল যুক্তরাষ্ট্রের।
যুক্তরাষ্ট্রের পর অস্ত্র বিক্রিতে বিশ্বে দুই নম্বরে আছে ইতালি। ২০০৮ সালে ইতালি ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে।
তিন নম্বরে আছে রাশিয়া। ২০০৮ সালে রাশিয়া ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে। এ অঙ্ক আগের বছরের তুলনায় কম। ২০০৭ সালে রাশিয়া ১০ দশমিক ৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছিল।
টাইমস জানায়, মার্কিন খদ্দের ও অন্যান্য জায়গা থেকে আসা অস্ত্রের অর্ডার ছাড়াও এশিয়া ও উন্নয়নশীল দেশগুলোর কাছ থেকে নতুন অস্ত্রের অর্ডারের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রবিক্রি বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র ৭০ দশমিক ১ শতাংশ অস্ত্র বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এর মূল্য ২৯ দশমিক ৬ বিলিয়ন ডলার।
উন্নয়শীল বিশ্বের সঙ্গে এ ধরনের অস্ত্রচুক্তির মধ্যে রয়েছে, সংযুক্ত আরব আমিরতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি, মরোক্কোর সঙ্গে দুটি জঙ্গি বিমান চুক্তি এবং তাইওয়ানের সঙ্গে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের যুদ্ধ হেলিকপ্টার চুক্তি।
এছাড়াও ভারত, ইরাক, সৌদি আরব, মিশর, দক্ষিণ কোরিয়া এবং ব্রাজিলের সঙ্গেও যুক্তরাষ্ট্রের অস্ত্রচুক্তি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২০৫০ ঘ.
bdnews24