২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিনহাউস গ্যাস নির্গমন ২৫ শতাংশ কমাবে জাপান

গ্রিন হাউস গ্যাস নির্গমন বহুলাংশে কমানোর প্রতিশ্র"তি দিয়ে জাপানের হবু প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামা সোমবার বলেছেন, ২০২০ সালের মধ্যে গ্যাস নির্গমন ২৫ শতাংশ কমানোর কঠিন লক্ষ্য নিয়ে এগিয়ে যাবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 11:37 AM

Updated : 07 Jul 2022, 06:40 PM

টোকিও, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গ্রিন হাউস গ্যাস নির্গমন বহুলাংশে কমানোর প্রতিশ্র"তি দিয়ে জাপানের হবু প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামা সোমবার বলেছেন, ২০২০ সালের মধ্যে গ্যাস নির্গমন ২৫ শতাংশ কমানোর কঠিন লক্ষ্য নিয়ে এগিয়ে যাবেন তিনি।

গ্রিনহাউস গ্যাস নির্গমণ কমানোর এই লক্ষ্যমাত্রায় বিশ্বের ২য় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান ক্ষতিগ্রস্ত হবে আশঙ্কায় এর বিরুদ্ধে শিল্পপতিদের ক্রমবর্ধমান বিরোধিতার মুখেও হাতোয়ামা ওই অঙ্গীকার করেন।

হাতোয়ামা পার্লামেন্টের ভোটের পর ১৬ সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সিম্পোজিয়ামের ভাষণে তিনি বলেন, "আমরা কেবলমাত্র গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেই জলবায়ু পরিবর্তন রোধ করতে পারব না। এজন্য আমাদেরকে বিশ্বের সব বড় বড় দেশগুলো মিলে একটি সুষ্ঠু এবং কার্যকর আন্তর্জাতিক কর্মকাঠামো সৃষ্টির লক্ষ্য নিয়েও আগাতে হবে।"

বিশ্বের প্রধান গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশগুলো কার্বন নির্গমন কমানোর এরকম কোনও লক্ষ্যমাত্রা নির্ধারণের আগেই হাতোয়ামা ওই উচ্চাকাঙ্খী লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন।

জাপানের বিদায়ী সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে এটি অনেক বেশি। বিদায়ী সরকার ২০২০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন ৮ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিল জুনে।

ডেমোক্র্যাটিক পার্টি অব জাপান (ডিপিজে) বলেছে, ১৯৯০ সালে গ্যাস নির্গমনের মাত্রার তুলনায় ২০২০ সাল নাগাদ গ্রিনহাউস গ্যাস নির্গমন ২৫ শতাংশ কমানোর কঠিন লক্ষ্যমাত্রা নেওয়াটা ডিসেম্বরে কোপেনহেগেনে অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু সম্মেলনে জাপানের বড় ধরনের ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ।

ওই সম্মেলনে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো নিয়ে কিয়োটো জলবায়ু চুক্তি পরবর্তী একটি নতুন চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা চলবে। ২০১২ সালে শেষ হচ্ছে কিয়োটো চুক্তি।

এ বছরের শুরুর দিকে জাপানের একটি সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনহাউস গ্যাস নির্গমন ২৫ শতাংশ কমাতে গেলে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে স্টিল, সিমেন্ট ফার্ম, গাড়ি ও কেমিক্যাল প্রস্তুতকারক কোম্পানীর মতো বিভিন্ন শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। কর্মসংস্থান কমে যাওয়ার হুমকিও সৃষ্টি হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৩ ঘ.