কাবুল, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের নির্বাচনে প্রায় তিন-চতুর্থাংশ ভোট গনণায় প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহকে পেছনে ফেলে জয়ের পথে এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই।রোববার প্রকাশিত নির্বাচনের আংশিক ফল অনুযায়ী, কারজাই ভোট পেয়েছেন ৪৮ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে, আবদুল্লাহ পেয়েছেন ৩১ দশমিক ৭ শতাংশ ভোট।
নির্বাচন কমিশনের সদস্য দাউদ নাজাফি বলেছেন, "জালিয়াতি তদন্তে কমিশন প্রায় ২৮ হাজার ভোট কেন্দ্রের মধ্যে ৪৪৭ টি কেন্দ্রের ভোট বাতিল করেছে। এক বিবৃতিতে কমিশন এতগুলো ভোট কেন্দ্রের ভোট বাতিল করার কথা জানায়।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে বিজেতার ৫০ শতাংশ ভোটের প্রয়োজন পড়বে। এর কম ভোট হলে ২য় দফা নির্বাচন হবে। ফলাফলে এখন পর্যন্ত কারজাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোট পাননি।
নির্বাচনে ভোট গনণার বেশির ভাগ ফলই এসেছে দক্ষিণাঞ্চল থেকে। ওই অঞ্চলে কারজাই বহুসংখ্যক ভোটে এগিয়ে আছেন।
আফগানিস্তানে ২০ আগস্টের নির্বাচনের পর থেকে প্রতিপক্ষ আবদুল্লাহর ব্যাপক জালিয়াতির অভিযোগের মুখে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪২ ঘ.
bdnews24