ইসলামাবাদ, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের একটি আদালতে মুম্বাইয়ে বোমা হামলার ঘটনায় অভিযুক্ত সন্দেহভাজন জঙ্গি নেতাদের শুনানি শনিবার পুনরায় শুরু হয়েছে।
নভেম্বরের ২৬ থেকে ২৯ তারিখ ধরে চলা মুম্বাই হামলার ঘটনায় ভারত চায় পাকিস্তান লস্কর-ই-তাইয়্যেবার এই নেতাদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নিক। এরপরেই পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করবে নয়াদিল্লি। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়েছিল।
মুম্বাই হামলার ঘটনায় পাকিস্তান প্রথমে পাঁচ সন্দেহভাজনের বিচার প্রক্রিয়া শুরু করেছিল। পরে আরও দুজন গ্রেপ্তার হওয়ায় সাত জনের শুনানি শুরু হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রপরিচালিত টেলিভিশনে শনিবার এতথ্য জানানো হয়।
রাওয়ালপিণ্ডির একটি কারাগারে এই বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় মামলাটির ব্যাপারে কঠোর গোপনীয়তা রক্ষার অভিযোগ উঠেছে প্রথম থেকেই। আসামিদের আইনজীবীদের ওপরও মামলার বিষয়াবলী নিয়ে বাইরে কথা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে।
অভিযুক্তদের একজনের আইনজীবী শাহবাজ রাজপুত শনিবারের শুনানির পর রয়টার্সকে বলেছেন, তারা চান না রুদ্ধদ্বার আদালতে মামলাটির বিচারকাজ চলুক।
এক্সপ্রেস নিউজ জানিয়েছে, শনিবারের শুনানির পর আদালত ১৯ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মূলতবি রেখেছে।
প্রথমে গ্রেপ্তারকৃত পাঁচ সন্দেহভাজন হচ্ছেন, জাকি-উর রহমান লাকভি, হাম্মাদ আমিন, আব্দুল ওয়াজিদ ওরফে জারার শাহ, মাজহার ইকবাল ওরফে আবু কামা এবং শহিদ জামিল রিয়াজ। পরে গ্রেপ্তার হওয়া দুজন হচ্ছেন, জামিল আহমেদ ও ইউনুস আঞ্জুম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮৪৪ ঘ.
bdnews24