কুন্দুজ, আফগানিস্তান, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে তালেবানদের ছিনতাই করা দুটি তেল-ট্যাংকারের ওপর ন্যাটো বিমান হামলায় কমপক্ষে ৯০ জন নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় পশ্চিমা বাহিনীর বিরুদ্ধে আফগানদের ক্ষোভ আরও ধূমায়িত হয়ে উঠেছে।
হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস এ ঘটনায় 'গভীর উদ্বেগ' প্রকাশ করে এর জন্য দুঃখপ্রকাশ করেছেন।
গিবস সাংবাদিকদের বলেন, "সব সময় লড়াইয়ের মাঠে এ ধরনে ঘটনা বিশেষ করে বেসামরিক লোকদের নিহত হওয়ার ঘটনায় আমরা সব সময় গভীর উদ্বেগ প্রকাশ করে আসছি এবং করব। ঘটনাটির তদন্ত করা হবে।"
ন্যাটো জোটের এক জার্মান কমান্ডারের কাছ থেকে অনুমতি পেয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ওই তেল ট্যাংকারের ওপর হামলা চালায়।
প্রাথমিকভাবে ন্যাটো থেকে জানানো হয় এ ঘটনায় নিহত সবাই তালেবান যোদ্ধা। তবে পরে বেশ কিছু বেসমারিক লোক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে স্বীকার করে।
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কার্যালয় থেকে এ ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, "সামরিক অভিযানের সময় বেসামরিকদের লক্ষ্য বানানো ঠিক না। আর কোনো অবস্থাতেই বেসামরিকদের লক্ষ্য বানানোর বিষয়টি মেনে নেওয়া যায় না।"
কুন্দুুজের আদিবাসী নেতা মোহাম্মদ সারওয়ার জানান, তালেবানরা ছিনতাই করা তেল ট্যাংকার নিয়ে এসে জনগণকে তেল নিতে বললে সেখানে ভিড় জমে যায়। আর তখনই বোমা ফেলা হয়েছে।
তিনি বলেন, "সরকার এবং তালেবান উভয় পক্ষই দোষী।"
যুক্তরাষ্ট্র ও ন্যাটো নেতৃত্বাধীন 'ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্স'(আইএসএএফ) এর প্রেস অফিসার লেফটেন্যান্ট-কমান্ডার ক্রিস্টিন সাইডেস্ট্রাইকার বলেছেন, তালেবানরা দুটি জ্বালানি ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে বলে জানায় আফগান কর্তৃপক্ষ। ন্যাটো বিমান ট্রাক দুটিকে একটি নদীর কাছে চিহ্নিত করে।
তিনি বলেন, "এলাকাটিতে কেবল তালেবানদের দেখার পরই স্থানীয় আইএসএএফ কমান্ডার বিমান হামলা চালানোর নির্দেশ দেন। এতে ট্রাক দুটি ধ্বংস হয় এবং বহুসংখ্যক বিদ্রোহী মারা পড়ে।"
তিনি বলেন, "হামলার লক্ষ্য ছিল জঙ্গিরা। তারাই মারা পড়েছে বলে আমরা মনে করি। তবে বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।"
হামলার পরপরই দক্ষিণাঞ্চলীয় প্রদেশটির গভর্নর মোহাম্মদ ওমর বলেছেন, বিস্ফোরণে ৯০ জন পুড়ে মারা গিয়ে থাকতে পারে। তিনি এ ঘটনার জন্য তালেবান এবং সরকার দু'পক্ষকেই দায়ী করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১২৫৩ ঘ.
bdnews24