ওয়াশিংটন, সেপেন্টম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ কেলেঙ্কারির হোতা বার্নাড মেডফের পনজি স্কীমের ধাপ্পাবাজি ধরার বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে 'সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন' (এসইসি)। অভ্যন্তরীণ একটি নতুন তদন্তে বুধবার এ তথ্য বেরিয়ে এসেছে। এ ব্যর্থতার জন্য এসইসি'র তীব্র সমালোচনা করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রের এসইসি এর ইন্সপেক্টর জেনারেলের ওই প্রতিবেদনের সারমর্মে বলা হয়েছে, "নানা অভিযোগের কারণে মেডফের ব্যবসা খতিয়ে দেখতে এসইসি ৫ টি তদন্ত শুরু করলেও তা পুঙ্খানুপুঙ্খ এবং যাথাযথভাবে শেষ করতে পারেনি।" ১৬ বছর ধরে প্রায় ৬৫ বিলিয়ন ডলার জালিয়াতির বহু অভিযোগ সত্ত্বেও এসইসি'র ওই তদন্ত পণ্ড হয়। এসইসি প্রতিবেদনটি প্রকাশ করেছে।
এতে আরও বলা হয়, এসইসি'র তদন্তকারীরা মেডফের ব্যবসার অসঙ্গতির কারণে তাকে পাকড়াও করেছে। কিন্তু তার কর্মকাণ্ডের গভীরে গিয়ে সত্যাসত্য উদঘাটন করতে পারেনি।
এক পর্যায়ে এসইসি'র আইনপ্রয়োগকারী কর্মকর্তারা মেডফের মিথ্যাচার এবং ধাপ্পাবাজি ধরে ফেললেও নিজ অবস্থানে অনঢ় থাকতে পারেননি। মেডফের ব্যাখ্যা মেনে নিয়েছিলেন তারা। ফলে মেডফের জালিয়াতি আরও আগেই বন্ধ করতে ব্যর্থতার জন্য কর্মকর্তারা তীব্র সমালোচনার শিকার হয়েছেন।
জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং মিথ্যাচারসহ ১১ টি অভিযোগে দোষ স্বীকারের পর থেকে মেডফকে ম্যানহাটন কারাগারে রাখা হয়। প্রতারক মেডফ গত মার্চে একই আদালতে অপরাধ স্বীকার করে তার সব কৃতকর্মের ফিরিস্তি দেন। জুনের শেষ দিকে তার ১৫০ বছরের জেল হয়।
মেডফের ২০ বছরের পনজি স্কীমে অনেক বিনিয়োগকারীই তাদের সারা জীবনের সঞ্চয় খুইয়ে পথে বসেছেন। বিশাল অঙ্কের অর্থ লোপাট এবং বিপুলসংখ্যক লোক তার অসাধুতার শিকার হওয়ার কারণেই সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় তাকে।
কিন্তু তার এই ধাপ্পাবাজি ধরতে এসইসি'র ব্যর্থতার দিকটি উঠে এসেছে এ বছর কংগ্রেসের শুনানিতে। এসইসি'র চেয়ারপার্সন মেরি স্কাপিরো তা সংস্কারের প্রতিশ্র"তি দিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, কিছু সংস্কার করা হলে এসইসি আরও ভালভাবে অপকর্ম ধরার কাজ করতে পারবে বলে তিনি মনে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২১১ঘ.
bdnews24