২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের প্রতিবাদের মুখে তাইওয়ান সফরে দালাই লামা

টাইফুন মোরাকাট দুর্গতদের পাশে দাঁড়াতে চীনের প্রতিবাদের মুখেও রোববার তাইওয়ান সফরে গেছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। সফরের শুরুতেই তিনি সরাসরি হসিয়াওলিন গ্রামে যান। টাইফুনে এ গ্রামে কমপক্ষে ৪২৪ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 07:05 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

তাইপে, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- টাইফুন মোরাকাট দুর্গতদের পাশে দাঁড়াতে চীনের প্রতিবাদের মুখেও রোববার তাইওয়ান সফরে গেছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। সফরের শুরুতেই তিনি সরাসরি হসিয়াওলিন গ্রামে যান। টাইফুনে এ গ্রামে কমপক্ষে ৪২৪ জন নিহত হয়েছে। এ সফর মানবিক প্রকৃতির এবং রাজনীতির উর্ধ্বে উল্লেখ করে দালাই লামা বলেন, গণতন্ত্র চালুর জন্য তিনি নিবেদিতপ্রাণ। দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী নেতা আখ্যা দিয়ে আসা চীন আবারও তার এ সফরের নিন্দা করেছে। এ সফর তাইওয়ানের সঙ্গে চীনের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সোমবার জানিয়েছে বেজিং এর রাষ্ট্রীয় গণমাধ্যম। স্বশাসিত তাইওয়ানে টাইফুন মোরাকাটের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রায় ৫৭০ জনের প্রাণহানি হয়েছে। বেঁচে যাওয়াদের স্বান্ত্বনার বাণী শোনাতে ভারত থেকে তাইওয়ানে পৌঁছে সাংবাদিকদের দালাই লামা বলেন, "এ সফর অরাজনৈতিক। এবং এ ব্যাপারে আমি খুবই কঠোর।" এর মধ্য দিয়ে দালাই লামা বেজিংকে আশ্বস্ত করার চেষ্টা নিয়েছেন বলে মনে করা হচ্ছে। ভূমিধসের শিকার হসিয়াওলিন গ্রামে দুর্গতদের জন্য প্রার্থনার পর দালাই লামা সাংবাদিকদের কাছে বক্তব্যে তিব্বতের কথা উল্লেখ করেননি। তবে তিনি বলেন, "আমি গণতন্ত্রের পক্ষে।" কমিউনিস্ট শাসিত চীনকে উদ্দেশ্য করেই তিনি একথা বলেছেন তা পরিস্কার। দালাই লামা বলেন, "আমরা তাইওয়ানের বিচ্ছিন্নতা চাইছি না। কিন্তু তাইওয়ানের ভাগ্য নির্ভর করছে ২০ মিলিয়নেরও বেশি মানুষের ওপর। তোমারা গণতন্ত্র ভোগ করছ এবং তোমাদের তা রক্ষা করতে হবে। আর আমি গণতন্ত্র প্রবর্তনের জন্য নিবেদিতপ্রাণ।" গত সপ্তাহে দালাই লামার তাইওয়ান সফরের কথা ঘোষণা করা হলে চীন এর ব্যাপক সমালোচনা করে। তীব্র সমালোচনার শিকার হয় তাইওয়ানের বিরোধী দল ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩০৬ ঘ.