টোকিও, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানের নির্বাচনে ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রায় অর্ধশতাব্দীর শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টি অব জাপান (ডিপিজে)। জাপানের পরবর্তী নতুন নেতা ইউকিয়ো হাতোয়ামার সামনে এখন সরকার গঠন, অর্থনীতি পুনরুদ্ধারসহ ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরুর কঠিন চ্যালেঞ্জ।
নির্বাচনের আনুষ্ঠানিক ফল এখনও ঘোষণা না হলেও গণমাধ্যমে প্রকাশিত ফলে দেখা গেছে, ডেমোক্র্যাটরা পার্লামেন্টের ৪৮০ আসনের নিুকক্ষে ৩০৮ টি আসন পেয়েছে। অন্যদিকে, এলডিপি পেয়েছে মাত্র ১১৯ টি আসন। পরাজয়ের দায় নিয়ে এলডিপি প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারো আসো।
বুথফেরত জরিপে দলের বিশাল জয়ের প্রশংসা করে হাতোয়ামা একে 'নির্বাচনী বিপ্লব' আখ্যা দিয়েছেন। টোকিওয় সোমবার নিজ বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "দীর্ঘ সময় লাগল। কিন্তু শেষ পর্যন্ত আমরা যাত্রা শুরুর পথে পৌঁছতে পারলাম।"
দীর্ঘদিন পর ডিপিজে জনগণের আকাঙ্ঘা পূরণে নতুন ধরনের রাজনীতি সৃষ্টির সক্ষমতা পেল উল্লেখ করে হাতোয়ামা বলেন, "আমরা উদ্ধত হব না। জনগণের কথা শুনব।"
বর্তমান রাজনীতি এবং ক্ষমতাসীন কোয়ালিশনের বিরুদ্ধে জনগণ ক্ষুব্ধ উল্লেখ করে তিনি বলেন, "আমরা জনগণের পরিবর্তনের তাগিদ অনুভব করছি।"
ডিপিজে'র এই জয়ের মধ্য দিয়ে জাপানের পার্লামেন্টে দুবছর ধরে চলা অচলাবস্থার অবসান ঘটেছে। জনকল্যাণ, বাজেট অপচয় রোধ এবং আমলাতন্ত্র সংস্কারের ওপর জোর দেওয়ার প্রতিশ্র"তি নিয়ে আসছে নতুন সরকার।
কিন্তু ডেমোক্র্যাটদের শাসন এখনও পরীক্ষিত নয়। এক বছরেরও কম সময়ের মধ্যে তাদেরকে পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচন পাড়ি দিতে হবে। সেকারণে দলটিকে শিগগিরি ভোটারদের সমর্থন ধরে রাখার চেষ্টায় নামতে হবে। বিশেষ করে জাপানে বেকারত্বের রেকর্ড হার নিয়ে জনগণের উদ্বেগের এই সময়টিতে।
পরিবর্তন প্রত্যাশী জনগণ খুব শিগগিরি ডিপিজে'র সুশাসনের প্রমাণ পেতে চাইবে। ফলে ডিপিজে'র জন্য প্রথম বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মধ্যেই কাজ সমাধা করার জন্য তাদেরকে উঠেপড়ে লাগতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
হাতোয়ামা ক্ষমতা গ্রহণের জন্য খুব শিগগিরি একটি দল গঠন করবেন বলে মনে করা হচ্ছে। তবে পার্লামেন্টের বিশেষ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি মন্ত্রিসভা ঘোষণা করবেন না বলে জানিয়েছেন। এই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে দু'সপ্তাহের মধ্যে।
নির্বাচনে এলডিপি'র বড় ধরনের পরাজয়ে প্রধানমন্ত্রী তারো আসো বলেছেন, "ফলাফল খুবই মারাত্মক। দলে গভীর অসন্তোষ বিজার করছে।" এলডিপি'র আরেক নেতা কোটারো তামুরা বলেছেন, আমরা অনেক ভুল করেছি। অনেক বড় বড় ভুল। কোনও নির্বাচন ছাড়াই আমরা তিনবার প্রধানমন্ত্রী পরিবর্তন করেছি।"
ওদিকে, যুক্তরাষ্ট্র জাপানের নির্বাচনী ফলকে 'ঐতিহাসিক' আখ্যা দিয়ে বলেছে, "জাপান-যুক্তরাষ্ট্রের মিত্রতা এবং দু'দেশের ঘনিষ্ঠ সম্পর্ক আরও বিকশিত হবে বলে ওয়াশিংটন আশা করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০০৭ ঘ.
bdnews24