ইসলামাবাদ, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খানকে শুক্রবার মুক্তির আদেশ দিয়েছে লাহোর হাইকোর্ট। পরমাণু প্রযুক্তিজ্ঞান পাচার কেলেঙ্কারির কারণে পাঁচ বছরেরও বেশি সময় তিনি গৃহবন্দি রয়েছেন।
পাকিস্তানের অন্য একটি আদালত গত ফেব্র"য়ারিতে কাদির খানের গৃহবন্দিত্বের অবসানের রায় দিলেও কর্তৃপক্ষ তাকে মুক্তি না দেওয়ায় তিনি লাহোর হাইকোর্টে আপিল করেছিলেন।
খানের আইনজীবী আলী জাফর এক বিবৃতিতে বলেছেন, "যুক্তিতর্কের শুনানি শেষে বিচারপতি ইজাজ চৌধুরী রায়ে সরকারের প্রতি বলেছেন, কোনোভাবেই আর ড. আবদুল কাদের খানকে আটকে রাখা যাবে না।"
কাদির খান ২০০৪ সালে টেলিভিশনে উপস্থিত হয়ে ইরান, উত্তর কোরিয়া ও লিবিয়ার কাছে পারবাণবিক গোপনতথ্য পাচার করার কথা স্বীকার করেন। ওই স্বীকারোক্তির পর সেসময়ের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ তাকে ক্ষমা করলেও গৃহবন্দি করে রাখেন।
পরমাণু প্রযুক্তির কালোবাজারিতে ওই বিজ্ঞানীর ভূমিকার কারণে যুক্তরাষ্ট্রের চাপে মুশাররফ তাকে অন্তরীণ রাখতে বাধ্য হন।
গত বছর নতুন সরকার আসার পর খান গণমাধ্যমে দেওয়া বেশ কয়েকটি সাক্ষাৎকারে ২০০৪ সালের স্বীকারোক্তির বিষয়টি প্রত্যাখান করে বলেন, মুশাররফের কাছ থেকে আশ্বাস পেয়েই তিনি দোষ নিজের মাথায় তুলে নিয়েছিলেন।
ফেব্র"য়ারিতে দেওয়া আদালতের আদেশ পালন না করায় দায়ী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার যে প্রশ্ন উঠেছে সে ব্যাপারে সিদ্ধান্ত জানাতে হাইকোর্ট চার সেপ্টেম্বর শুনানির তারিখ ফেলেছে।
বেশিরভাগ পাকিস্তানি খানকে পাকিস্তানের পরমাণু বোমার জনক হিসেবে শ্রদ্ধার সঙ্গে থাকে। তারা মনে করে, পরমাণু প্রযুক্তি পাচারের বড়ধরনের একটি ষড়যন্ত্রের তিনি শিকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১০৪ ঘ.
bdnews24