সান ফ্রান্সিসকো, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ১৯৯১ সালে অপহৃত ১১ বছরের বালিকা জয়সি ডুগার্ডকে ১৮ বছর পর জীবিত পাওয়া গেছে। ধর্ষণের দায়ে অভিযুক্ত অপহরণকারী ফিলিপ ক্রেইগ গ্যারিডোর বাড়ির পেছনে একটি ছাউনি ও তাঁবুর ভেতর এতগুলো বছর কেটে গেছে জয়সির। তার গর্ভে নিজের দুই সন্তানের জন্মও দিয়েছে সে।
বৃহস্পতিবার পুলিশ একথা জানায়।
ডুগার্ড ১৯৯১ সালের ১০ জুন নিখোঁজ হয়। সান ফ্রান্সিসকোর দক্ষিণ লেক টাহোর বাড়ির কাছের বাস স্টপ থেকে সে হেঁটে বাড়ি ফেরার সময় একটি ধূসর রঙা সিডান গাড়ি এসে তার পাশে দাঁড়ায় এবং দুজন লোক তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।
ডুগার্ডের বয়স এখন ২৯। যৌন নিপীড়নকারী হিসেবে পুলিশের খাতায় ডুগার্ডের অপহরণকারী গ্যারিডোর নাম আগে থেকেই ছিল। ধর্ষণের দায়ে সে অভিযুক্তও হয়েছিল। একজন পুলিশ অফিসারের কাছে তার গতিবিধি আরও সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তল্লাশি চালিয়ে তার বাড়ির পেছনে একসারি ছাউনি ও তাঁবুর ভেতর ডুগার্ড ও তার দুই সন্তানকে খুঁজে পায়। ডুগার্ড যেখান থেকে অপহৃত হয়েছিলেন, তা থেকে ওই বাড়ি প্রায় ১০০ মাইল দূরে।
এল ডোরাডো কাউন্টির আন্ডারশেরিফ প্রেড কলার এক সংবাদ সম্মেলনে বলেন "ডুগার্ডের স্বাস্থ্য ভালো আছে। কিন্তু ১৮ বছর ছাউনিতে থাকার কারণে তার মধ্যে সেটার ছাপ পড়েছে।"
ডুগার্ড উদ্ধার হওয়ার তার সৎ পিতা কার্ল প্রোবিন টেলিভিশনে বলেছেন, কর্তৃপক্ষ যখন জানাল, ডুগার্ডকে জীবিত পাওয়া গেছে তখন তিনি ও ডুগার্ডের মা "প্রায় ১০ মিনিট ধরে কেঁদেছেন।"
ডুগার্ডকে অপহরণ করার ঘটনায় গ্যারিডো (৫৮) এবং তার স্ত্রী ন্যান্সি গ্যারিডোকে (৫৮) পুলিশ গ্রেপ্তার করেছে।
কর্র্তৃপক্ষ জানিয়েছে, ডুগার্ডের ১১ ও ১৫ বছর বয়সী দুটি মেয়ের পিতা হিসেবে গ্যারিডোকে সন্দেহ করা হয়েছে।
শেরিফ কলার বলেন, "এই শিশুদের কাউকেই স্কুলে পাঠানো হয়নি। চিকিৎসকের কাছেও কোনোদিন তাদের নেওয়া হয়নি। সম্পূর্ণ বিচ্ছিন্ন করে তাদের রাখা হয়েছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এমএইচবি/১৮২৫ ঘ.
bdnews24