২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনে চুক্তিবদ্ধ দুই কোরিয়া

১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোর পুনর্মিলন সেপ্টেম্বর থেকে শুরু করতে শুক্রবার চুক্তিবদ্ধ হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। জাতিসংঘ নিষেধাজ্ঞার মুখে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সর্বশেষ সংহতির পদক্ষেপ এটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 08:17 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

সউল, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোর পুনর্মিলন সেপ্টেম্বর থেকে শুরু করতে শুক্রবার চুক্তিবদ্ধ হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। জাতিসংঘ নিষেধাজ্ঞার মুখে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সর্বশেষ সংহতির পদক্ষেপ এটি। চুক্তি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত সীমান্তের দু'পারের প্রায় ১০০ পরিবারের পুনর্মিলন শুরু করতে রাজি হয়েছে দুই কোরিয়া। এ পক্রিয়া উত্তর কোরিয়ার মাউন্ট কুমগাঙে শুরু হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, "আন্তকোরিয়া সম্পর্কোন্নয়ন আদর্শের আওতায় উত্তর ও দক্ষিণ কোরিয়া মানবিক বিভিন্ন ইস্যু এবং বিচ্ছিন্ন পরিবারগুলোর বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাবে।" কোরিয়া যুদ্ধে বিচ্ছিন্ন পরিবারগুলোর দুর্দশা নিয়ে বুধবার থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার রেডক্রস কর্মকর্তাদের ৩ দিনের বিরল আলোচনার মধ্য দিয়ে এ চুক্তি হল। উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় মাউন্ট কুমগাঙে অনুষ্ঠিত এ বৈঠক দুই বছরের মধ্যে মানবিক ইস্যু নিয়ে দুই কোরিয়ার প্রথম বৈঠক। দক্ষিণ কোরিয়ার 'নর্থ কোরিয়ান স্টাডিস' বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইয়াং মু-জিন বলেছেন, "পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যা সামলানোর চেষ্টায় উত্তর কোরিয়া এই কৌশল নিয়েছে।" সম্পর্কের বরফ গলানোর আরেক পদক্ষেপে উত্তর কোরিয়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা। ওই প্রতিনিধিদল উত্তর কোরিয়ায় বেসরকারি খাদ্য সাহায্য শুরুর বিষয়টি নিয়ে আলোচনা করবে। বিশ্লেষকরা বলছেন, এ মাসে উত্তর কোরিয়ার নেওয়া সংহতির পদক্ষেপে দেশটির ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব কমতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৩ ঘ.