তাইপে, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার প্রস্তাবিত তাইওয়ান সফরের নিন্দা জানিয়েছে । চীন বৃহস্পতিবার বলেছে, বেজিং যাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখে, তার এধরনের সফর হবে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে অন্তর্ঘাত সৃষ্টি করার সামিল।
চীন নাখোশ হবে এই ভয়ে গত বছর দালাই লামাকে ফিরিয়ে দিলেও এবার টাইফুন মোরাকোটের দুর্গতদের সান্ত্বনা দিতে তাকে আমন্ত্রণ জানিয়েছে তাইওয়ান। বৃহস্পতিবার তাইপে জানায়, আগামী সপ্তাহে দালাই লামাকে তাইওয়ান সফরের অনুমতি দেওয়া হয়েছে। এরপরই দ্রুত চীন এই সিদ্ধান্তের নিন্দা জানাল।
চীনের তাইওয়ান অ্যাফেয়ার্স ব্যুরো এক বিবৃতিতে বলেছে, "দালাই কী পরিচয়ে বা কী উদ্দেশ্যে তাইওয়ানে প্রবেশ করতে যাচ্ছে সেটি কোনো বিষয়ই নয়। আমরা দৃঢ়ভাবে এর বিরোধিত করছি।"
সিনহুয়া বার্তা সংস্থার মাধ্যমে প্রচারিত ওই বিবৃতিতে আরও বলা হয়, "ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির কিছু লোক দুর্গত মানুষের কথা বলে তাকে তাইওয়ান সফরের আমন্ত্রণ জানিয়েছে। দুই ভূ-খণ্ডের মধ্যে অনেক কষ্টে অর্জিত যে ইতিবাচক সম্পর্ক বিরাজ করছে, ওই পদক্ষেপের মাধ্যমে তার বিনাশ ঘটাতে চাইছে তারা।"
ভারতের ধর্মশালায় নির্বাসিত জীবনযাপনকারী দালাই লামাকে চীন বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে বরাবরাই তার বিদেশ সফরের নিন্দা জানিয়ে আসছে।
তাইওয়ানের তথ্য বিভাগের কার্যালয় থেকে জানানো হয়েছে, বুধবার প্রেসিডেন্টের কার্যালয় এবং জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ৫ ঘন্টাব্যাপী এক বৈঠকে ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দালাই লামাকে তাইওয়ান সফরের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দক্ষিণ তাইওয়ানের স্থানীয় সরকার টাইফুন দুর্গতদের সান্ত্বনা দিতে এ সপ্তাহে দালাই লামাকে আমন্ত্রণ জানায়।
তাইওয়ানে নির্বাসিত তিব্বতি এবং বৌদ্ধদের বিশাল একটি অংশ বাস করে। ১৯৯৭ এবং ২০০১ সালে দালাই লামাকে তাইওয়ান সফরের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু গত বছর প্রেসিডেন্ট মা ইং জেউয়ের অনীহার কারণে দালাই লামার ২০০৯ সালের তাইওয়ান সফরের আশা ভেস্তে যায়।
২০০৮ সালে ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই মা ইং জেউ চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের ওপর জোর দিয়ে আসছেন এবং সংঘাত এড়িয়ে চলছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৩৯ ঘ.
bdnews24