ম্যাসাচুসেটস, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার বলেছেন, সিনেটর এডওয়ার্ড কেনেডির মৃত্যুতে তার হৃদয় ভেঙে গেছে। ওবামার প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমর্থন যুগিয়েছিলেন ডেমোক্র্যাটিক দলের দীর্ঘকালের স্তম্ভ কেনেডি।
"পাঁচ দশক ধরে নাগরিক অধিকারের অগ্রগতির ক্ষেত্রে, আমেরিকার জনগণের স্বাস্থ্য ও অর্থনৈতিক মঙ্গলের জন্য গৃহীত প্রায় সব প্রধান আইনের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। তার চেষ্টার ফলে অর্জিত হয়েছে এসব।" এক বিবৃতিতে ওবামা বলেছেন এ কথা।
এক বছরেরও বেশি সময় ধরে ব্রেন ক্যান্সারের সঙ্গে লড়ে কেনেডি মঙ্গলবার ম্যাসাচুসেটসের হায়ানিস পোর্টের কেপ কড শহরের বাড়িতে মারা গেছেন।
হোয়াইট হাউজের কর্মকর্তার জানিয়েছেন, ওবামা ম্যাসাচুসেটসের মার্থা'স ভিনিয়ার্ড দ্বীপে ছুটি কাটাচ্ছেন। সেখানেই মঙ্গলবার রাত দুইটার পরে তাকে কেনেডির মৃত্যুর খবর জানানো হয়। তিনি এর কিছুক্ষণ পরেই কেনেডির স্ত্রী ভিক্টোরিয়ার সঙ্গে কথা বলেন।
এডওয়ার্ড কেনেডি স্বাস্থ্যসেবার সংস্কারসহ প্রেসিডেন্ট ওবামার গুরুত্বপূর্ণ সব নীতির পক্ষে সরব ছিলেন।
কেনেডি ২০০৮ সালের জানুয়ারিতে ওবামাকে প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে অনুমোদন করেন। অনেকের কাছে এই অনুমোদন ছিল নতুন প্রজন্মের হাতে রাজনৈতিক মশাল তুলে দেওয়া। ওবামা তখন মাত্র প্রথম মেয়াদের সিনেটর হিসেবে রাজনৈতিক জীবন পার করছিলেন।
ওবামা বলেছেন, "প্রিয় বন্ধু টেড কেনেডির মৃত্যুর খবর শুনে মিশেল ও আমার হৃদয় ভেঙে গেছে।"
"সিনেটে তার বিজ্ঞ পরামর্শকে আমি গভীর মূল্য দিয়ে থাকি। সেখানে বহুধরনের বিষয়াবলীর মধ্যেও নতুন সহকর্মীদের জন্য তার সময়ের অভাব পড়ত না। আমার প্রেসিডেন্ট হওয়ার পথে তার সার্বক্ষণিক সমর্থন ও আস্থার বিষয়টি আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। প্রাণঘাতী অসুস্থতার সঙ্গেও তিনি প্রবল লড়ে গেছেন। তার প্রজ্ঞা ও প্রেরণা থেকে প্রেসিডেন্ট হিসেবে আমি লাভবান হয়েছি।"
ওবামা আরও বলেন, "আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল। দেশ এক মহান নেতাকে হারাল যিনি তার নিহত ভাইদের মশাল নিয়ে আমাদের সময়ে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠতম সিনেটর ছিলেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২০০ ঘ.
bdnews24