২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেহসুদের মৃত্যু নিশ্চিত করল পাকিস্তানের তালেবানরা: বিবিসি

পাকিস্তানের তালেবান জঙ্গিরা মঙ্গলবার প্রথমবারের মতো তাদের নেতা বায়তুল্লাহ মেহসুদের মৃত্যু নিশ্চিত করেছে। বিবিসি একথা জানিয়েছে। পাকিস্তানি এবং মার্কিন কর্মকর্তারা আগে থেকেই বলে আসছেন, ৫ আগস্টে দক্ষিণ ওয়াজিরিস্তানের তালেবান ঘাঁটির কাছে চালক বিহীন ড্রোন বিমান হামলায় মেহসুদ নিহত হয়েছেন। কিন্তু তালেবানরা একথা অস্বীকার করে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 04:44 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ইসলামাবাদ, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের তালেবান জঙ্গিরা মঙ্গলবার প্রথমবারের মতো তাদের নেতা বায়তুল্লাহ মেহসুদের মৃত্যু নিশ্চিত করেছে। বিবিসি একথা জানিয়েছে। পাকিস্তানি এবং মার্কিন কর্মকর্তারা আগে থেকেই বলে আসছেন, ৫ আগস্টে দক্ষিণ ওয়াজিরিস্তানের তালেবান ঘাঁটির কাছে চালক বিহীন ড্রোন বিমান হামলায় মেহসুদ নিহত হয়েছেন। কিন্তু তালেবানরা একথা অস্বীকার করে এসেছে। বিবিসি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মেহসুদের অনুগত দুই তালেবান কমান্ডার হাকিমুল্লাহ মেহসুদ এবং ওয়ালি-উর-রেহমান নিশ্চিত করে জানিয়েছেন যে, বায়তুল্লাহ মেহসুদ নিহত হয়েছেন। পাকিস্তান ও মার্কিন কর্মকর্তারা বলেছেন, মেহসুদের মৃত্যুর পর থেকেই তালেবানরা বিশৃঙ্খলায় পড়েছে। দলের নেতৃত্ব নিয়ে তাদের মধ্যে লড়াইয়ের খবর পাওয়া গেছে। পাকিস্তানের 'তেহরিক ই তালেবান' বা জঙ্গি দলগুলোর জোট 'তালেবান মুভমেন্ট অব পাকিস্তান' এর নেতৃত্ব কে নেবে তা নিয়ে মতবিরোধ আড়াল করতেই তালেবানরা এতোদিন তাদের নেতা মেহসুদের মৃত্যু অস্বীকার করে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে, ৫ আগস্ট হাকিমুল্লাহ এবং বায়তুল্লাহ দুই জনই মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মকভাবে আহত হন এবং রোববার মারা যান। আরেকজন তালেবান কমান্ডার শনিবার জানান, বায়তুল্লাহ মেহসুদ অসুস্থ হওয়ার কারণে হাকিমুল্লাহকে নতুন তালেবান প্রধান করা হয়েছে। তবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ইতোপূর্বে ইস্তাম্বুলে এক সাংবাদিক সম্মেলনে হাকিমুল্লাহকে নতুন তালেবান প্রধান করার খবরে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, "আমি যে খবর পেয়েছি তাতে এ এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।" তিনি বলেন, "নানারকম দাবি শোনা যাচ্ছে। বিভ্রান্তি আছে। নতুন প্রধান কে হচ্ছেন তা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে।" পাকিস্তানের তালেবানরা আল-কায়েদা এবং আফগান তালেবানদের মিত্র। তবে তারা বেশির ভাগই লড়ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। নিরাপত্তা বাহিনী ইতোমধ্যেই সোয়াতে তালেবানবিরোধী অভিযানে সাফল্য অর্জন করেছে। এখন তারা দক্ষিণ ওয়াজিরিস্তানে মেহসুদের অনুসারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৫০ ঘ.