২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে নতুন নেতার নাম ঘোষণা তালেবানদের

পাকিস্তানে নিহত তালেবান নেতা বায়তুল্লাহ মেহসুদের উত্তরসূরির নাম রোববার ঘোষণা করেছে তালেবানরা। তবে বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, প্রায় তিন সপ্তাহ ধরে নেতৃত্বশূন্য তালেবানরা আন্দোলনকে ধরে রাখার ধুম্রজাল সৃষ্টি করে এ পদক্ষেপ নিয়ে থাকতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 09:05 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ইসলামাবাদ, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে নিহত তালেবান নেতা বায়তুল্লাহ মেহসুদের উত্তরসূরির নাম রোববার ঘোষণা করেছে তালেবানরা। তবে বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, প্রায় তিন সপ্তাহ ধরে নেতৃত্বশূন্য তালেবানরা আন্দোলনকে ধরে রাখার ধুম্রজাল সৃষ্টি করে এ পদক্ষেপ নিয়ে থাকতে পারে। শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সাংবাদিকদের তালেবান কর্মকর্তারা জানান, তালেবান সূরা পরিষদ ওরাকজাই, খাইবার, এবং কুররাম আদিবাসী অঞ্চলের কমান্ডার তরুণ নেতা হাকিমুল্লাহ মেহসুদকে নতুন তালেবান প্রধান নির্বাচিত করেছে। তবে নতুন কোনও পাকিস্তানি তালেবান নেতা পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই থেকে মোল্লা মোহম্মদ ওমরের নেতৃত্বাধীন আফগানিস্তানের বিদ্রোহে দৃষ্টি নিবদ্ধ করে কিনা তা লক্ষ্য রাখছে আফগানিস্তানে নিয়োজিত সেনাদের পাশাপাশি পশ্চিমা সরকারগুলো। ওদিকে, পাকিস্তানের বাজাউর আদিবাসী অঞ্চলের তালেবান প্রধান ফকির মোহাম্মদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হাকিমুল্লাহকে নতুন তালেবান প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে। আদিবাসী বয়োজেষ্ঠ্যরা জানিয়েছেন, ফকির মোহাম্মদ সাময়িকভাবে তালেবান কমান্ড নেওয়ার পর নেতৃত্ব নিতে অস্বীকৃতি জানালে হাকিমুল্লাহকে তালেবান প্রধান ঘোষণা করা হয়। পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা বলেন, "এখানে কিছুটা সংশয় রয়েছে। দুইদিন আগে ফকির মোহাম্মদ নিজেকে তালেবান প্রধান দাবি করে, এখন বলছেন, হাকিমুল্লাহ তালেবান প্রধান। এটি একটি চাল।" গোয়েন্দা কর্মকর্তারা জোর দিয়েই বলছেন, ৫ আগস্ট মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তালেবান প্রধান বায়তুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর প্রতিপক্ষের হামলায় হাকিমুল্লাহও নিহত অথবা গুরুতর আহত হয়েছেন। কর্মকর্তা বলেন, "ঘোষণার সত্যতা রয়েছে। তবে মানুষের নয়। কেননা আসল হাকিমুল্লাহ মারা গেছে।" নাম প্রকাশ না করার শর্তে অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, হাকিমুল্লাহর ভাইয়েরা আফগানিস্তান যুদ্ধ থেকে ফিরে এসে দলের নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সময়ক্ষেপণ করতে চাইছে তালেবানরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১৭ ঘ.