সউল, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) ---দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জংয়ের শেষকৃত্যের আগে বৈঠক করেছে দুই কোরিয়া। দুই বছরের মধ্যে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এটিই প্রথম উচ্চপর্যায়ের বৈঠক।
৮৫ বছর বয়সে মারা যাওয়া কিম দায়ে জং ছিলেন দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক উত্তরণের চালিকা শক্তি। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সংহতি স্থাপনের চেষ্টায় তিনি সানশাইন নীতি নিয়েছিলেন। এর পথ ধরেই ২০০০ সালে দুই কোরিয়ার নেতার মধ্যে প্রথম বৈঠক হয়। তার মৃত্যুতে শোকবার্তা জানাতে দক্ষিণ কোরিয়ায় প্রতিনিধিদল পাঠায় উত্তর কোরিয়া।
রোববার উত্তর কোরিয়ার প্রতিনিধিরা দক্ষিণ কোরিয়াল প্রেসিডেন্ট লি মিউয়ং-বাকের সঙ্গে আলোচনা করে তাকে উত্তরের নেতা কিম জং ইলের বার্তা পৌঁছে দিয়েছেন। এছাড়াও দায়ে জংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তারা।
কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গে প্রেসিডেন্ট লি প্রায় ৩০ মিনিট বৈঠক করেছেন। মে মাসে পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর জাতিসংঘ নিষেধাজ্ঞা কঠোর হওয়ায় উত্তর কোরিয়া এ পদক্ষেপের মধ্য দিয়ে নিজ আবরণ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বলেই মনে করা হচ্ছে।
শোক বার্তার বিষয় সম্পর্কে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ব্লু হাউস থেকে কিছু জানানো হয়নি। তবে লি ক্ষমতায় আসার পর উত্তর কোরিয়ার কিমের সঙ্গে এটাই তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।
লি সরকারের নেতিবাচক উত্তর কোরিয়া নীতির জন্য তাকে "যুক্তরাষ্ট্রের এজেন্ট" আখ্যা দিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছিল উত্তর কোরিয়া।
এক টেলিভিশন ব্রিফিং এ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র লি দং কোয়ান বলেন, "প্রেসিডেন্ট লি বলেছেন, আলোচনা ও সদ্ভাবের মাধ্যমে উত্তর ও দক্ষিণ কোরিয়া সমস্যার সমাধান করলে এম কোনও কিছু নেই যা আমরা সমাধান করতে পারব না। আমরা সমাধান করতে পারবো না এমন কোনো বিষয় থাকবে না।"
ব্লু হাউসে বৈঠকে মুখপাত্র বলেন, "উত্তর কোরিয়ার প্রতিনিধি বৈঠকের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন এবং সমস্যা সমাধানে দু পক্ষই সহযোগিতা করে সমস্যা সমাধান করতে পারে বলে পরামর্শ দিয়েছেন।"
উত্তর কোরিয়ার প্রতিনিধিদল শুক্রবার দক্ষিণ কোরিয়া পৌঁছায়। প্রায় দুই বছরের মধ্যে এটিই দক্ষিণে উত্তরের প্রথম প্রতিনিধিদল।
দক্ষিণ কোরিয় কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং কে রাষ্ট্রীয়ভাবে সমাহিত করার আগেই এ প্রতিনিধিদলের দেশে ফিরে যাওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩১২ ঘ.
bdnews24