কাবুল, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের নির্বাচনে শুক্রবার পাল্টাপাল্টি জয় দাবি করেছে প্রেসিডেন্ট হামিদ কারজাই শিবির এবং প্রধান প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহ। কারজাইয়ের নির্বাচনী প্রচারাভিযানের ম্যানেজার দীন মোহাম্মদ রয়টার্সকে বলেছেন, "নির্বাচনের প্রাথমিক ফলে দেখা গেছে, প্রেসিডেন্ট সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন।" ফলে ২য় দফা ভোটের প্রয়োজন পড়বে না বলে দাবি করেন তিনি।
তবে মোহাম্মদ এও বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশনের। তিনি বলেন, "আমরা ২য় দফা ভোটে যাব না। আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি।"
দেশজুড়ে ভোটকেন্দ্রগুলোতে প্রায় ২৯ হাজার পর্যবেক্ষকের রিপোর্টের ভিত্তিতে প্রাথমিক ফলের এই হিসাব করা হয়েছে বলে জানান মোহাম্মদ।
ওদিকে, কারজাইয়ের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান প্রতিদ্বন্দ্বী আবুল্লাহ পাল্টা জয় দাবি করে বলেছে, প্রাথমিক ফলে দেখা গেছে, তিনি প্রথম দফা ভোটে জয়ের পথেই আছেন।
কাবুলে ফোনে আবদুল্লাহ রয়টার্সকে বলেন, "আমি এগিয়ে আছি। বিভিন্ন প্রদেশের ফলে দেখা গেছে আমি ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছি।"
তবে নির্বাচনী কর্মকর্তারা বলেছেন নিশ্চিত কোনও ফল এখনও ঘোষিত হয়নি।
তালেবানদের হুমকির মুখে বৃহস্পতিবার শান্তিপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আফগান কর্মকর্তারাসহ যুক্তরাষ্ট্র স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা দু' সপ্তাহের আগে না হলেও নির্বাচন শেষের পরপরই ভোট গণনা শুরু হয়েছে। ৬ হাজার ২শ টি ভোট কেন্দ্রের ফলাফল খুব শিগগিরি চলে আসবে বলে মনে করা হচ্ছে।
নির্বাচনপূর্ব জরিপগুলোতে দেখা গেছে, কারজাই নির্বাচনী দৌড়ে এগিয়ে ছিলেন। তবে সংখ্যাগরিষ্ঠ ভোট না পাওয়ার সম্ভাবনা আঁচ করে প্রতিদ্বন্দ্বীপ্রার্থী আবদুল্লাহর বিরুদ্ধে ২য় দফা ভোটে যাওয়ার সম্ভাবনার কথা জরিপে বলা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৩৭ ঘ.
bdnews24