২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে খরা: কংগ্রেসের মন্ত্রী-এমপিরা বেতন কম নেবেন

ভারতে তীব্র খরা দেখা দেওয়ার মুখে ক্ষমতাসীন কংগ্রেস দল দরিদ্র জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশস্বরুপ ঘোষণা দিয়েছে, তাদের মন্ত্রী ও এমপিরা ২০ শতাংশ বেতন কম নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 02:20 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

নয়াদিল্লি, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে তীব্র খরা দেখা দেওয়ার মুখে ক্ষমতাসীন কংগ্রেস দল দরিদ্র জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশস্বরুপ ঘোষণা দিয়েছে, তাদের মন্ত্রী ও এমপিরা ২০ শতাংশ বেতন কম নেবেন। বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় খরার দ্বারপ্রান্তে রয়েছে ভারত। এতে খাদ্যমূল্য বৃদ্ধি ও জ্বালানি সরবরাহের ওপর চাপ পড়ার পাশাপাশি প্রবৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের মুখপাত্র জনর্ধান দিবেদী বুধবার বলেছেন, "কংগ্রেসের সব পার্লামেন্ট সদস্য, মন্ত্রী ও অন্য যারা বেতন পাচ্ছেন তারা স্বেচ্ছায় ২০ ভাগ বেতন কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।" খরা পরিস্থিতি নিয়ে কংগ্রেসর কার্যকরী কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, "সর্বোপরি, আমাদের সরকারি ও ব্যক্তিগত পর্যায়েও এমনভাবে কাজ করে যেতে হবে যাতে খরার কারণে ভুক্তভোগীদের প্রতি সহানুভূতি জানানো হয়।" এ বছর জুন-সেপ্টেম্বরের বর্ষা মৌসুমে ভারতে স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে ২৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে। ফলে ধান ও আখের মতো ফসল উৎপাদন ক্ষতির মুখে পড়েছে। ভারতের গ্রীষ্মকালীন ফসলের জন্য বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ। কেননা, বেশির ভাগ কৃষকেরই জমিতে সেচ দেওয়ার সুযোগ-সুবিধা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১২৫ ঘ.