টোকিও আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানের অর্থনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে লম্বাসময় মন্দাবস্থায় কাটিয়ে অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারে প্রবৃদ্ধির মুখ দেখেছে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, অর্থনীতির এই শুভ সূচনা হয়েছে মূলত বিশ্বব্যাপী স্বল্পমেয়াদের পুনরুদ্ধার ব্যয়ের কারণে, তাই সামনে আরও চড়াই-উতরাই পার হতে হবে।
এপ্রিল-জুন কোয়ার্টারে জাপানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সূচিত হয়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। এর মাধ্যমে জাপান জি-সেভেনের আরও দুটি দেশ জার্মানি ও ফ্রান্সের মতো প্রথম কাতারে মন্দা থেকে বের হয়ে আসতে সক্ষম হল।
জাপানি অর্থনীতিতে প্রবৃদ্ধির এই সুবাতাস পূর্বাভাস অনুুযায়ীই বইতে শুরু করেছে। বড় অর্থনীতির দেশ হিসেবে রপ্তানিনির্ভরতার কারণে মন্দার ধকল বেশিরকম পোহাতে হয়েছে জাপানকে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই প্রবৃদ্ধি প্রবণতা আগামী কোয়ার্টারেগুলোতেও (অর্থবছরের এক চতুর্থাংশ সময় অর্থাৎ তিন মাস) অব্যাহত থাকার আশা করা হচ্ছে।
আসন্ন নির্বাচনে পরাজয়ের মুখোমুখি জাপানের ক্ষমতাসীন দল আশা করছে, প্রবৃদ্ধির এই হিসাবের কারণে তারা পরজয়ের কবল থেকে হয়তো রক্ষা পেয়ে যেতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এতে রাজনৈতিক হিসাব-নিকেশ খুব একটা বদলাবে না।
বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ এবং জাপানের রপ্তানি জোরালো হয়ে ওঠার কারণেই এপ্রিল-জুন কোয়ার্টারে সূচিত এই প্রবৃদ্ধি সত্ত্বেও অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা আগামী অর্থবছরে এর গতি মন্থর হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। কারণ সেই সময় পর্যন্ত পুনরুদ্ধার বরাদ্দ শেষ হয়ে আসবে।
বার্কলেস ক্যাপিটালের জাপান বিষয়ক প্রধান অর্থনীতিবিদ কিউহে মোরিতা বলেছেন, "এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে প্রধানত জাপান ও অন্যান্য দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ব্যবস্থার কারণে, তাই নিজ পায়ে দাঁড়িয়ে অর্থনীতির চাঙ্গা হয়ে ওঠা থেকে এখনো দূরে রয়েছে জাপান।"
তিনি আরও বলেন, "জুলাই-সেপ্টেম্বর কোয়ার্টারেও এপ্রিল-জুন কোয়ার্টারের মতো প্রবৃদ্ধি বজায় থাকবে। কিন্তু তার পর পুনরুদ্ধার ব্যয় শেষ হয়ে আসার সঙ্গে প্রবৃদ্ধিও মন্থর হয়ে যেতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯০২ ঘ.
bdnews24