২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পাকিস্তানি গোষ্ঠীগুলো নতুন হামলার পরিকল্পনা করছে'

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সোমবার বলেছেন, পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলো ভারতে নতুন করে হামলার পরিকল্পনা করছে। এর 'বিশ্বাসযোগ্য তথ্য' ভারতের কাছে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 08:55 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

নয়াদিল্লি, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সোমবার বলেছেন, পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলো ভারতে নতুন করে হামলার পরিকল্পনা করছে। এর 'বিশ্বাসযোগ্য তথ্য' ভারতের কাছে আছে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের অংশগ্রহণে জাতীয় নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে মনমোহন বলেন, "সুনির্দিষ্ট চ্যালেঞ্জ মোকাবেলার বিবেচনায় আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ এখনো সবচেয়ে ভয়ানক হুমকি।" "পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলো যে নতুন করে হামলার পরিকল্পনা করছে তার বিশ্বাসযোগ্য তথ্য আমাদের কাছে আছে।" গত নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তাইয়্যেবাকে দায়ী করে আসছে ভারত। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়। হামলার পরপরই পাকিস্তানের সঙ্গে ২০০৪ সালে সূচিত শান্তি আলোচনা বন্ধ করে দেয় নয়াদিল্লি। মনমোহন সিং নতুন সন্ত্রাসী হামলার হুমকির কথা বলে পাকিস্তানের প্রতি ভারতবিরোধী জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন করে চাপ সৃষ্টি করলেন। মুম্বাই হামলায় পাকিস্তানি কর্মকর্তারা মদদ দিয়েছে বলেও অভিযোগ রয়েছে ভারতের। তবে ইসলামাবাদ পাকিস্তানের মাটি থেকে হামলার আংশিক পরিকল্পনার কথা স্বীকার করলেও সরকারি মদদের অভিযোগ অস্বীকার করেছে। মনমোহন সিং আরও বলেছেন, পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলো কাশ্মীর অঞ্চলের বাইরেও সন্ত্রাস বিস্তার করার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, "এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা এখন আর জম্মু ও কাশ্মীর অঞ্চলে সীমাবদ্ধ নেই। তারা ভারতের সব অঞ্চলেই থাবা বিস্তার করার চেষ্টা চালাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৪৮ ঘ.