জেনেভা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ডিসেম্বরের শেষ দিক থেকে জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত চালানো গাজা আগ্রাসনে ইসরায়েলের আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘনের উল্লেখযোগ্য প্রমাণ আছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লে শুক্রবার একথা বলেছেন।
এ সমস্ত আইন ভঙ্গ করেও ইসরায়েল দণ্ড থেকে পার পেয়ে যাচ্ছে বলে পিল্লে তার প্রতিবেদনে ভর্ৎসনা করেন।
প্রতিবেদনে পিল্লে বলেন, অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে ইতোমধ্যেই জটিল আকার ধারণ করা মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি হয় গাজা যুদ্ধের সময়। জানুয়ারিতে গাজায় ইসরায়েলের 'অপারেশন কাস্ট লীড' চলাকালে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের নির্দেশিত কয়েকদফা সাময়িক প্রতিবেদনের প্রথম প্রতিবেদন এটি।
৩৪ পাতার এই প্রতিবেদনে বলা হয়েছে, "গুরুত্বপূর্ণ আপাতপর্যাপ্ত প্রমাণে দেখা গেছে, ২০০৮ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০০৯ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত চালানো সামরিক অভিযানে গাজায় আন্তর্জাতিক আইনের পাশাপাশি মানবাধিকার ব্যাপক এবং মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে গাজা সীমান্ত অবরোধ। যার কারণে গাজার জনগণ ইসরায়েলি সেনাঅভিযানের আগে থেকেই চরম দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করেছে এবং এখনও দুর্ভোগ পোহাচ্ছে।"
মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পিল্লে নির্বিচারে ফিলিস্তিনি আটক, নির্যাতন, অসদাচরণ, বিনা বিচারে মৃত্যুদণ্ড, উচ্ছেদ, বাড়ি গুঁড়িয়ে দেওয়া, ইহুদি বসতি বাড়ানো, সহিংসতা এবং চলাফেরা ও বাক স্বাধীনতার ওপর বাধানিষেধের কথা উল্লেখ করেন।
গাজা যুদ্ধ নিয়ে আরও একটি প্রতিবেদন খুব শিগগিরি প্রকাশ করবেন দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের বিচারক রিচার্ড গোল্ডস্টোন। জাতিসংঘ মানবাধিকার পরিষদে আগামী মাসে তিনি তার প্রতিবেদন জমা দেবেন।
গোল্ডস্টোন বলেন, এ সমস্ত মানবাধিকার লঙ্ঘন মারাত্মক উদ্বেগের ব্যাপর। কিন্তু তার চেয়েও উদ্বেগের ব্যাপার হচ্ছে এ সমস্ত অপকর্ম করেও শাস্তি থেকে পার পেয়ে যাওয়াটা।
পিল্লে ইসরায়েলের করণীয় কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। এগুলো হল, গাজা অবরোধ তুলে নেওয়া, গাজা যুদ্ধে মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা, সেনাশক্তির ব্যবহার কমানো এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে অবৈধ ইহুদি বসতিস্থাপন বন্ধ করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩২ ঘ.
bdnews24