২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার সফরে মার্কিন সিনেটর জিম ওয়েব

মার্কিন সিনেটর জিম ওয়েব শুক্রবার মিয়ানমার সফরে গেছেন। জান্তা নেতা থান শয়ের সঙ্গে তিনি দেখা করবেন বলে জানিয়েছে একটি সরকারি সূত্র। মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির মামলার রায় নিয়ে এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিন্দা-সমালোচনার পর জিম এ সফরে গেলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 11:12 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ইয়াঙ্গুন, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মার্কিন সিনেটর জিম ওয়েব শুক্রবার মিয়ানমার সফরে গেছেন। জান্তা নেতা থান শয়ের সঙ্গে তিনি দেখা করবেন বলে জানিয়েছে একটি সরকারি সূত্র। মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির মামলার রায় নিয়ে এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিন্দা-সমালোচনার পর জিম এ সফরে গেলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, মার্কিন সিনেটের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সাবকমিটির চেয়ারম্যান জিম ওয়েব মিয়ানমারের নতুন রাজধানী নিপিধোয় পৌঁছেছেন। তিনি শনিবার নেতা থান শয়ের সঙ্গে বৈঠক করবেন। এক দশকেরও বেশি সময় পরে মিানমারে রাষ্ট্রীয় সফরে আসা ওয়েবই প্রথম মার্কিন কংগ্রেস সদস্য। ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা হিসাবে তিনিই প্রথম থান শয়ের সঙ্গে দেখা করছেন। তিনি কি উদ্দেশ্যে মিয়ানমার সফরে গেছেন তা স্পষ্ট নয়। সু চির নতুন করে ১৮ মাসের গৃহবন্দিত্বের দণ্ড হওয়ার সময়টিতেই তিনি এ সফরে গেলেন। মিয়ানমারের মার্কিন দূতাবাস ওয়েবের পরিকল্পনা সম্পর্কে তেমন কোনও ধারণা দিতে পারেনি। তার সফরের সব প্রস্তুতি ওয়াশিংটন কার্যালয়ই করেছে বলে জানিয়েছে তারা। তবে কিছু কিছু প্রতিবেদনে বলা হয়েছে, জিম মার্কিন নাগরিক জন ইয়েত্তাওয়ের মুক্তির জন্য মিয়ানমারকে চাপ দিতে পারেন। জন ইয়েত্তাও গত মে মাসে সাঁতরে লেক পার হয়ে সু চির বাড়িতে অনুপ্রবেশ করেছিলেন। এ ঘটনায় রাষ্ট্রীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ জান্তা সরকার সু চিসহ ইয়েত্তাওয়ের বিচার করে। আদালতের রায়ে ইয়েত্তাওয়ের ৭ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৯ ঘ.