২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় 'সাদা পতাকাবাহী' ফিলিস্তিন হত্যার তদন্ত চায় এইচআরডব্লিউ

গাজায় জানুয়ারিতে ইসরায়েলি হামলা চলাকালে 'সাদা পতাকা' ওড়ানো ফিলিস্তিনিদেরকে গুলি করে হত্যার ৭টি ঘটনা তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। ইসরায়েলকে বৃহস্পতিবার এ আহ্বান জানায় এইচআরডব্লিউ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 10:27 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

জেরুজালেম, ১৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- গাজায় জানুয়ারিতে ইসরায়েলি হামলা চলাকালে 'সাদা পতাকা' ওড়ানো ফিলিস্তিনিদেরকে গুলি করে হত্যার ৭টি ঘটনা তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। ইসরায়েলকে বৃহস্পতিবার এ আহ্বান জানায় এইচআরডব্লিউ। গাজা আগ্রাসনে ইসরায়েলের যুদ্ধ অপরাধের কয়েকদফা আন্তর্জাতিক অভিযোগ খতিয়ে দেখতে তেল আবিবের গড়িমসিতে হতাশা প্রকাশ করে এইচআরডব্লিউ বলেছে, ইসরায়েল নিজে থেকে ব্যবস্থা না নিলে বিভিন্ন দেশের সরকারের উচিত আন্তর্জাতিক আইনের আওতায় তাদের বিচারের জন্য চাপ দেওয়া। এইচআরডব্লিউ বলেছে, গাজায় ৫ নারী ও ৪ শিশুসহ ১১ জন নিরস্ত্র মানুষের একটি দল সাদা পতাকা ওড়ানোর সময় ইসরায়েলি সেনারা তাদেরকে গুলি করে হত্যা করেছে। বিভিন্ন তথ্যপ্রমাণ এবং বিবৃতি থেকে তারা এই আলামত পেয়েছে বলে জানিয়েছে। গাজা হামলায় যত ফিলিস্তিনি নিহত হয়েছে তার তুলনায় ওই সংখ্যা নিতান্তই নগণ্য হলেও বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে এইচআরডব্লিউ। কারণ, ওই ঘটনায় নিহতরা নিরস্ত্র লোকজনকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে সামনে অগ্রসর হচ্ছিল এবং সাদা পতাকা উড়িয়ে যুদ্ধ নয় বরং শান্তির বার্তা দেওয়ারই চেষ্টা করছিল। এইচআরডব্লিউ আরও বলেছে, "হাতে পাওয়া সব তথ্যপ্রমাণ থেকেই দেখা গেছে, ইসরায়েলি সেনারা আপত্তিকর জায়গাগুলোর নিয়ন্ত্রণে ছিল। ওই সময় কোনও লড়াই হয়নি। বেসামরিক নাগরিকদের মধ্যে কোনও ফিলিস্তিনি যোদ্ধাও লুকিয়ে ছিল না কিংবা তাদেরকে মানব ঢাল হিসাবেও কেউ ব্যবহার করেনি।" গাজা পর্যবেক্ষণ গ্র"প ইসরায়েলি হামলায় নিহত ১৪০০ ফিলিস্তিনের মধ্যে বেসামরিক ফিলিস্তিনের সংখ্যা ৯০০'র বেশি উল্লেখ করেছে। অন্যদিকে, ইসরায়েল এ সংখ্যা ৩০০ উল্লেখ করেছে এবং ৯০০ ফিলিস্তিনি গেরিলা নিহত হয়েছে বলে দাবি করেছে। ওই যুদ্ধে ইসরায়েলি পক্ষে নিহত হয়েছে সেনা ও বেসামরিক নাগরিক মিলিয়ে মাত্র ১৩ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৭ ঘ.