তেহরান, ১১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের বিরোধীদলীয় নেতারা বলেছেন, গত জুনের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের পর ৬৯ জন প্রতিবাদকারী নিহত হয়েছে। সরকারি হিসাবের নিহতের সংখ্যা ২৬ থেকে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি। ইরানের পার্লামেন্ট এই বিপুল সংখ্যক নিহতের ঘটনা তদন্তের অঙ্গীকার করেছে।
ইরানের সংস্কারপন্থী একটি সংবাদপত্র এই তথ্য জানিয়েছে।
সারমেয়া নামের সংবাদপত্র প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থী প্রার্থী মীরহোসেন মুসাভির ঘনিষ্ঠ সহযোগী আলী রেজা হোসেইনি বেহেশতিকে উদ্ধৃত করে বলেছে, "নির্বাচন পরবর্তী অস্থিতিশীলতায় নিহত ৬৯ জনের নাম পার্লামেন্টের তদন্তের জন্য পেশ করা হয়েছে। এই প্রতিবেদনে আটক প্রায় ২২০ জনের নামও উল্লেখ করা হয়েছে।
ইরানের বিচার বিভাগের একজন মুখপাত্র আলীরেজা জামাশিদি এক সংবাদ সম্মেলনে বলেছেন, নির্বাচনের পর চার হাজারেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। এদের মধ্যে ৩ হাজার ৭০০ জনকে আটক করার এক সপ্তাহের মধ্যে মুক্তি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৩০ ঘ.
bdnews24