২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার শুরু সু চির বিচার, রায় শিগগিরি

মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির বিচার কড় নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার আবার শুরু হয়েছে। সু চির আইনজীবী দল স্থানীয় সময় সকাল ১০ টায় (০৩৩০ জিএমটি) মামলার শুনানি শুরু হওয়ার কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 05:07 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ইয়াঙ্গুন, ১১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির বিচার কড় নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার আবার শুরু হয়েছে। সু চির আইনজীবী দল স্থানীয় সময় সকাল ১০ টায় (০৩৩০ জিএমটি) মামলার শুনানি শুরু হওয়ার কথা জানিয়েছেন। সু চির মামলা পুনপর্যালোচনার জন্য গত ৩১ জুলাই মুলতবি করে আদালত। মঙ্গলবার ইনসেইন কারাগারে কমপক্ষে ২০০ নিরাপত্তা কর্মকর্তার কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আবার তার বিচার শুরু হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বাড়িতে মার্কিন নাগরিক জন ইয়েত্তাও অনুপ্রবেশের ঘটনায় গৃহবন্দিত্বের আইন লঙ্ঘনের অভিযোগে সু চির বিচার চলছে। এ ঘটনায় মিয়ানমার জান্তা সরকার নিরাপত্তা ও গৃহবন্দিত্বের আইন লঙ্ঘনের অভিযোগে সু চির পাশাপাশি ইয়েত্তাওয়েরও বিচার করছে। রাষ্ট্রীয় পত্রপত্রিকাগুলোতে মঙ্গলবার দেশে গণ্ডগোল সৃষ্টি না করার জন্য সু চির সমর্থকদের সতর্ক করে দেওয়া হয়েছে এবং বিদেশিদেরকে মিয়ানমারের অভ্যন্তরীন বিষয়ে না গলাতে বলা হয়েছে। 'দ্য নিউ লাইট অব মিয়ানমার' ও অন্যান্য পত্রিকাগুলোতে বলা হয়, "দেশের ভেতরে বাইরের সরকার বিরোধী দলগুলো এবং যুক্তরাষ্ট্র মিয়ানমার সরকারের বিরুদ্ধে সু চিকে নির্বাচন থেকে দূরে রাখার পাঁয়তারার অভিযোগ তুলেছে। কিন্তু অনুমোদিত সংবিধান এবং আসন্ন নির্বাচনী আইনের ভিত্তিতেই নির্বাচনে কে দাঁড়াবে আর কে দাঁড়াবে না সে সিদ্ধান্ত হবে।" মামলায় সু চিকে দোষীসাব্যস্ত করা হবে বলেই মনে করা হচ্ছে। মামলায় দোষী প্রমাণিত হলে সু চির পাঁচ বছরের জেল হতে পারে। সু চির মামলার রায় ৪ আগস্টে হওয়ার কথা থাকলেও ইয়েত্তাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মামলার রায় পিছিয়ে দেওয়া হয় ১১ আগস্ট পর্যন্ত। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে ইয়েত্তাও সোমবার মধ্যরাতের আগেই হাসপাতাল থেকে কারাগারে ফিরেছেন। যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে আসা ৫৪ বছর বয়স্ক ইয়েত্তাও গত ৪ মে নিরাপত্তা প্রহরীদের চোখ এড়িয়ে সাঁতরে লেক পার হয়ে সু চির বাড়িতে ঢুকে পড়েন। সেখানে দু'রাত কাটিয়েছেন তিনি। ইয়েত্তাও আদালতে বলেছেন, সু চি সন্ত্রাসীদের হাতে নিহত হতে পারেন এই সতর্কবার্তা দিতেই ঈশ্বর তাকে তার কাছে পাঠিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২১০ ঘ.