তাইপে, আগস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তাইওয়ানের উত্তরাঞ্চল লন্ডভন্ড করে চীনের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন মোরাকোট। তাইওয়ান সরকার শনিবার একথা জানিয়েছে। ভয়াবহ এই ঝড়ের কবল থেকে বাঁচাতে ইতোমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে চীনের দক্ষিণ-পূর্ব উপকূলের প্রায় ১০ লাখ লোককে। বিবিসি একথা জানায়।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া অফিস বলেছে, শুক্রবার টাইফুন মোরাকোটের ভয়বহতা কমে এলেও তাইওয়ানে বাতাসের গতিবেগ কমেনি। ঘন্টায় ১১৯ কিলোমিটার (৭৪ মাইল) বেগে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। অগ্রসর হচ্ছে চীনের মূল ভূখন্ডের দিকে।
আবহাওয়া অফিস ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, ১-৫ মাত্রার স্কেলে ক্যাটাগরি ১ মাত্রার এই টাইফুনে তাইওয়ানে ১ জন নিহত, ২ জন নিখোঁজ এবং ১০ জন আহত হয়েছে। বিবিসি নিখোঁজের সংখ্যা ২৯ উল্লেখ করেছে।
তাইওয়ানে এ বছর এটিই সবচেয়ে ভয়াবহ ঝড়। এতে বন্ধ হয়ে গেছে তাইওয়ানের বিমান এবং নৌ চলাচল। এর আগে ফিলিপাইনে মোরাকোটের আঘাতে বন্যা দেখা দেয়।
বিবিসি জানিয়েছে, মোরাকোটের আশঙ্কায় চীনের ঝিজিয়াং প্রদেশ থেকে ৪৭৩,০০০ এবং ফুজিয়ান ও সিনহুয়া প্রদেশ থেকে ৪৮০,০০০ অধিবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৫ ঘ.
bdnews24