ইয়াঙ্গুন, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির বিচারের মূল নায়ক মার্কিন নাগরিক জন ইয়েত্তাওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারাগারে পড়ে যাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন।
দূতাবাসের মুখপাত্র রিচার্ড মেই বলেছেন, "ভিয়েতনাম যুদ্ধকালীন সেনা জন ইয়েত্তাও মে মাসে সাঁতরে সু চির লেকের পাড়ের বাড়িতে অনুপ্রবেশ করে তার গৃহবন্দিত্বের আইন লঙ্ঘন করেছেন। সোমবার দিনশেষে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং দূতাবাসের একজন কর্মকর্তা তাকে দেখে এসেছেন।"
তিনি আরও বলেন, "আমরা আবারও তার সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছি।" তিনি ইয়েত্তাওয়ের অবস্থা সম্পর্কে কিছু জানাননি।
তবে ইয়াঙ্গুনের জেনারেল হসপিটালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, "ইয়েত্তাও সেরে উঠছেন।"
ইয়েত্তাও কেন পড়ে গিয়েছিলেন তা জানেন না বলে জানিয়েছেন তার আইনজীবী কিং মায়ুং ও। তিনি বলেন, "এ ব্যাপারে আমি এখনও কিছু শুনিনি। তবে ইয়েত্তাওয়ের মৃগী রোগ, ডায়াবেটিস এবং হৃদরোগের সমস্যা আছে।"
যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে আসা ৫৪ বছর বয়স্ক ইয়েত্তাও গত ৪ মে নিরাপত্তা প্রহরীদের চোখ এড়িয়ে সাঁতরে লেক পার হয়ে সু চির বাড়িতে ঢুকে পড়েন। সেখানে দু'রাত কাটিয়েছেন তিনি।
এ ঘটনায় মিয়ানমার জান্তা সরকার নিরাপত্তা ও গৃহবন্দিত্বের আইন লঙ্ঘনের অভিযোগে সু চির পাশাপাশি ইয়েত্তাওয়েরও বিচার করছে।
ইয়েত্তাও আদালতে বলেছেন, সু চি সন্ত্রাসীদের হাতে নিহত হতে পারেন এই সতর্কবার্তা দিতেই ঈশ্বর তাকে তার কাছে পাঠিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৮ ঘ.
bdnews24