২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ানতানামো বন্দি নেওয়ার বিরোধিতায় কানসাস

আমার আঙিনায় নয়! আমার রাজ্যে নয়! আমার দেশে নয়!---- সোমবার এভাবেই কিউবার গুয়ানতানামো বে'র মার্কিন ঘাঁটির বন্দিদের যুক্তরাষ্ট্রে নেওয়ার পরিকল্পনার বিরোধিতা করেছেন কানসাস অঙ্গরাজ্যের রাজনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 08:04 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

লিভেনওয়ার্থ, কানসাস, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আমার আঙিনায় নয়! আমার রাজ্যে নয়! আমার দেশে নয়!---- সোমবার এভাবেই কিউবার গুয়ানতানামো বে'র মার্কিন ঘাঁটির বন্দিদের যুক্তরাষ্ট্রে নেওয়ার পরিকল্পনার বিরোধিতা করেছেন কানসাস অঙ্গরাজ্যের রাজনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। গুয়ানতানামো বন্দিশিবিরের কিছু বন্দিকে আটক রাখা এবং বিচারের জন্য যুক্তরাষ্ট্রে নেওয়ার চিন্তা-ভাবনা করছে প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন। রোববার ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানিয়েছে, গুয়ানতানামো বন্দিদেরকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরপত্তা ব্যবস্থাধীন কারাগারে নেওয়ার বিষয়টি ভেবে দেখছে একটি টাস্ক ফোর্স। এক্ষেত্রে দুটো স্থান বিবেচনা করে দেখা হচ্ছে। একটি হচ্ছে, কানসাসের ফোর্ট লিভেনওয়ার্থ সামরিক কারাগার এবং অপরটি হচ্ছে, মিশিগানের স্ট্যান্ডিস এ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাধীন কারাগার। পোস্ট পত্রিকায় বন্দি স্থানান্তর পরিকল্পনার এ খবরের পরপরই কানসাস ওই প্রতিক্রিয়া জানাল। রিপাবলিকান সিনেটর স্যাম ব্রাউনব্যাক সাংবাদিকদের বলেন, "এটি অত্যন্ত বাজে পরিকল্পনা।" তবে ওবামা প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সোমবার বলেছেন, বন্দি স্থানান্তরের জন্য বিবেচ্য জায়গাগুলো পরিদর্শন করা হচ্ছে। এছাড়া আরও অনেক জায়গাও বিবেচনায় রয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেছেন, "এখনও কোনওধরনের কোনোও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।" প্রশাসনিক কর্মকর্তারা কারাগারের মধ্যেই বন্দিদের বিচারের জন্য আদালত বসানোর সুযোগ-সুবিধা রাখার চিন্তা-ভাবনা করছেন বলে খবর পাওয়া গেছে। যাতে করে বন্দিদেরকে যুক্তরাষ্ট্রের মধ্যে একজায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে না হয়। বন্দি নির্যাতনের জন্য ব্যাপকভাবে সমালোচিত গুয়ানতানামো বে বন্দিশিবির ১ বছরের মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু এই সময়সীমার মধ্যে শিবিরটি বন্ধ করার জন্য শিবিরের বাদবাকী ২৪০ বন্দিকে আটক রাখা এবং বিচার করার জন্য যুক্তরাষ্ট্রের মাটিতে নিয়ে যাওয়ার ব্যাপারে আইনপ্রণেতাদের তীব্র বিরোধিতার মুখে পড়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪২১ঘ.