নয়াদিল্লি, ভারত, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়ের চেষ্টার পক্ষে বুধবার পার্লাামেন্টে তার যুক্তি তুলে ধরেন। এতে বিরোধী দলের চাপ সত্ত্বেও ভারত সরকার যে পাকিস্তানের সঙ্গে থেমে থাকা শান্তি আলোচনা শুরু করার উদ্যোগ নিচ্ছে তার আভাস পাওয়া গেল।
মনমোহন এ মাসে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে স্বাক্ষর করা যৌথ বিবৃতির ব্যাপারে জোরালোভাবে আত্মপক্ষ সমর্থন করেন। ওই বিবৃতিতে সীমান্ত শান্তি প্রক্রিয়ার আলোচনায় সন্ত্রাসবাদের বিষয়টিকে শর্ত থেকে বাদ দেওয়া হয়েছে। ভারত নভেম্বরে মুম্বাই হামলার পর ওই আলোচনা বন্ধ করে দেয়।
লোকসভায় মনমোহন বলেন, "আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, পাকিস্তানের সঙ্গে যোগাযোগের চ্যানেল উন্মুক্ত রাখা আমাদের অবশ্যই দায়িত্ব।"
তিনি বলেন, "আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি আলোচনা না করলে তৃতীয় পক্ষের উপর নির্ভর করতে হবে তা করার জন্য... আপনারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না চাইলে ধাপে ধাপে অগ্রসর হওয়া ছাড়া আর কোনো পথ নেই...সংলাপ ও যোগাযোগ রক্ষা করাই এগুনোর সেরা পথ।"
মনমোহনের নতুন পাকিস্তান নীতির বিষয়ে এমনকি তার কংগ্রেস দলেরও কেউ কেউ বেশ সন্দিহান। তারা মনে করে তা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ।
আর বিরোধী দলীয় নেতাদের অনেকে নভেম্বরের মুম্বাই হামলায় পাকিস্তানের ইন্ধন থাকার অভিযোগ করে মনমোহনের শান্তি আলোচনা শুরুর উদ্যোগের প্রকাশ্যে বিরোধিতা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২২২ ঘ.
bdnews24