ইয়াঙ্গুন, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সু চির বিচারাধীন মামলার রায় শুক্রবার হবে বলে জানিয়েছেন এক আদালত কর্মকর্তা।
নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন,"সু চির বিচারের কাজ মোটামুটি সম্পন্ন, যদিও অন্য তিনজনের বিরুদ্ধে বিচারকাজ চলতে থাকবে।"
সাংবাদিকদের সু চির বিচার প্রক্রিয়ায় উপস্থিত থাকতে দেওয়া হয়নি। তবে বেশ কিছু বিদেশি কূটনীতিকে কখনোসখনো বিচারকাজ দেখার আমন্ত্রণ জানানো হয়েছিল।
বহুল আলোচিত এ মামলায় সু চিকে দোষীসাব্যস্ত করা হবে মনে করা হচ্ছে। তবে তাকে শাস্তি দেওয়া হবে কি না, সে বিষয়টি পরিষ্কার নয়। দেশটিতে অতীতে আদালত বরাবরই সামরিক জান্তার পক্ষে রায় গিয়েছিল।
তবে সু চির আইনজীবী নিয়ান উইন রয়টার্সকে বলেন,"আমরা আমাদের সাধ্যের সেরাটাই দিয়েছি এবং সু চিও প্রস্তুত সবচেয়ে খারাপ রায়ের জন্য।" তিনি আরও বলেন," আমরা কোনও অনুমান করতে চাই না। তবে আমরা সব ধরনের আইনি পথেই চেষ্টা অব্যাহত রাখব।"
৬৪ বছর বয়স্ক সু চি গৃহবন্দি থাকাবস্থায় গত মে মাসে তার বাড়িতে অনাহুতভাবে প্রবেশ করা মার্কিন নাগরিক জন ইয়েত্তাকে কিছুক্ষণ থাকার অনুমতি দিয়েছিলেন। ইয়েত্তো সুকৌশলে নিরাপত্তারক্ষীদের এড়িয়ে ইনিয়া লেক সাঁতরে সু চির বাড়িতে ঢোকেন।
সু চি যদি এ মামলায় দোষী প্রমাণিত হন তবে তার পাঁচ বছরের জেল হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএইচবি/১৬০৬ ঘ.
bdnews24