২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানি বিমানবন্দরের দেয়ালে প্লেনের ধাক্কা, নিহত ১৭

ইরানে যাত্রীবাহী বিমান শুক্রবার দেশের দক্ষিণপূর্বাঞ্চলে অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিমানবন্দরের দেয়ালে আঘাত করলে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৩ জন। স্থানীয় গণমাধ্যম এ খবর দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, কাজাখস্তান থেকে ভাড়া করা ইলিউশিন টু-সিক্সটিটু বিমানটি ইরানের আরিয়া টুর বিমান সংস্থা পরিচালনা করছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 06:47 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

তেহরান, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে যাত্রীবাহী বিমান শুক্রবার দেশের দক্ষিণপূর্বাঞ্চলে অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিমানবন্দরের দেয়ালে আঘাত করলে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৩ জন। স্থানীয় গণমাধ্যম এ খবর দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, কাজাখস্তান থেকে ভাড়া করা ইলিউশিন টু-সিক্সটিটু বিমানটি ইরানের আরিয়া টুর বিমান সংস্থা পরিচালনা করছিল। মাশহাদ বিমানবন্দরের রানওয়েতে নামার পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের সীমানাপ্রাচীরে সজোরে আঘাত করে। তেহরান থেকে আসা বিমানটিতে ১৫৩ জন আরোহী ছিল। টেলিভিশনে প্রদর্শিত চিত্রে দেখা যায়, দেয়ালে ধাক্কায় বিমানটির নাক দুমড়েমুচড়ে গেছে। বলা হয়েছে, বিমানটির সামনের দিকের অবতরণ চাকা ঠিকমত কাজ না করায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে পাইলটও রয়েছেন। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক আলী ইলখানি টেলিভিশনকে বলেন, মনে হচ্ছিল বিমানটি বেশ দ্রুত গতিতে এসে নামার চেষ্টা করছিল। তিনি জানান নিহতদের ১৩ জন বিমানটির ক্রু। এদের নয়জন কাজাখস্তানের। এর আগের খবরে বিমানটিতে আগুন ধরে গিয়েছিলও বলে জানানো হয়। মোহাম্মদ রেজা মোতি নামের প্রাদেশিক এক কর্মকর্তা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে জানান, আহতদের মাশহাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের কয়েকজন মারাত্বকভাবে আহত হয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইরানে ১০ দিনের মধ্যে এটি দ্বিতীয় বিমান দুর্ঘটনা। ১৫ জুলাই ইরানের কাস্পিয়ান এয়ার লাইনসের রাশিয়ায় তৈরি একটি টুপোলেভ বিমান আর্মেনিয়া যাওয়ার সময় উত্তর-পশ্চিম ইরানে বিধ্বস্ত হলে ১৭৬৮ আরোহীর সবাই নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩৫৭ ঘ.