২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে এলডিপি'র নেতিবাচক প্রচারাভিযানের সমালোচনায় বিরোধীদল

জাপানে জাতীয় নির্বাচনে পরাজয়ের ঝুঁকির মুখে থাকা প্রধানমন্ত্রী তারো আসোর ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) বিভ্রান্তিকর নেতিবাচক প্রচারাভিযান চালাচ্ছে বলে শুক্রবার অভিযোগ করেছে বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2009, 12:42 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

টোকিও, ২৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ---জাপানে জাতীয় নির্বাচনে পরাজয়ের ঝুঁকির মুখে থাকা প্রধানমন্ত্রী তারো আসোর ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) বিভ্রান্তিকর নেতিবাচক প্রচারাভিযান চালাচ্ছে বলে শুক্রবার অভিযোগ করেছে বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টি। বিশ্লেষকরা বলছেন, দলীয় কোন্দলে দুর্বল হয়ে পড়া এলডিপি ৩০ আগস্টের নির্বাচনে ভরাডুবির আশঙ্কার মুখে আছে। এ পরিস্থিতিতে দলটি বিরোধীদলের বিরুদ্ধে বিরল এক ধরনের আক্রমণাত্মক প্রচারাভিযান শুরু করেছে। পশ্চিমা ধাঁচের এই নেতিবাচক প্রচারাভিযান জাপানে অনেকেরই পছন্দ নয়। বিরোধীদলের নিরাপত্তা নীতি ও সরকারি অর্থব্যবস্থার দুর্বল দিকগুলোকেই আক্রমণের লক্ষ্য করেছে এলডিপি। রক্ষণশীল ভোটারদের ভোট জিততে তারা নেতিবাচক প্রচারাভিযানের আশ্রয় নিচ্ছে। বুধবার এলডিপি রক্ষণশীল সাঙ্কেই দৈনিকে একপাতা জুড়ে ছাপানো বিজ্ঞাপনে বোল্ড টাইপে বড় বড় শিরোনামে লিখেছে, "জাপানের ভবিষ্যৎ বিপদের মুখে।" ডেমোক্র্যাটিক পার্টির মহাসচিব জেনারেল কাটসুয়া ওকাদা ওই বিজ্ঞাপনের পাশাপাশি টেলিভিশনে বিরোধীদলের নীতি নিয়ে এলডিপি'র বিভ্রান্তিকর বিবৃতির সমালোচনা করেছেন। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "তাদের উচিত বিরোধীদলের নীতি নিয়ে পরিচ্ছন্ন সমালোচনা এবং তর্ক বিতর্ক কর। কিন্তু তারা তা করছে না। পক্ষপাতদুষ্ট, আংশিক তথ্য দিয়ে তারা বিভ্রান্তি সৃষ্টি করছে। এটি অত্যন্ত দুঃখজনক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৪ ঘ.