মুম্বাই, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাই হামলার একমাত্র জীবিত হামলাকারী মোহম্মদ আজমল কাসাবের অপরাধের স্বীকারোক্তি আদালত গ্রহণ করেছে। তবে এখনো বেশ কিছু অভিযোগের উত্তর মেলেনি জানিয়ে আদালত তার বিচার কাজ চলবে বলে জানিয়েছে।
কাসাব গত সোমবার সোমবার আদালতে অপরাধ স্বীকার করে। তবে মে মাসে সে নিজেকে নির্দোষ নির্দোষ দাবি করেছিল।
গত নভেম্বরে মুম্বাইয়ে দুটি বিলাসবহুল হোটেলসহ কয়েকটি স্থানে হামলা চালায় ১০ বন্দুকধারী। এতে ১৬৬ জন নিহত হয়। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ওই হামলা ও অবরোধ পর্যায়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে কাসাব ছাড়া অন্য হামলাকারীরা নিহত হয়।
ঘটনার সময় ধারণ হওয়া ভিডিওচিত্রে কাসাবকে একটি একে-ফরটিসেভেন রাইফেল নিয়ে মুম্বাইয়ের প্রধান রেলস্টেশনে হামলা চালাতে দেখা যায়। তার বিরুদ্ধে হত্যা ও ভারতের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়াসহ ৮৬ টি অভিযোগ আনা হয়।
মুম্বাইয়ের আদালতের বিচারক এম এল তাহিলিয়ানি বলেছেন, "অপরাধের স্বীকারোক্তি ও বিবৃতি রেকর্ড করা থাকবে এবং বিচার চলতে থাকবে।।"
ভারত ওই হামলার ঘটনায় কাসাবসহ ৩৮ জনকে অভিযুক্ত করেছে। ভারত সরকার বলেছে, এই অভিযুক্তদের বেশিরভাগই পাকিস্তানে রয়েছে।
পাকিস্তানের প্রতি হামলার হোতাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে ভারত বলেছে, এরপরেই পাঁচ বছরের পুরোনো শান্তি আলোচনা পুনরায় শুরু করার বিষয়টি ভেবে দেখা হবে। হামলার পরপরই শাস্তি আলোচনা থেমে যায়।
উভয়পক্ষই হামলার পর উত্তপ্ত বাক্যবিনিময় করে। ভারত বলেছে, বন্দুকধারীরা অবশ্যই পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলোর সমর্থন পেয়েছিল। ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করলেও হামলাটির আংশিক পরিকল্পনা ও তা পাকিস্তান থেকেই পরিচালিত হওয়ার কথা স্বীকার করে।
পাকিস্তান ওই ঘটনায় বেশ কয়েকজন ইসলামি নেতাকে গ্রেপ্তার করে যাদের মধ্যে পরিকল্পনাকারী হিসেবে ভারতের নাম উল্লেখ করা কয়েকজনও ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯০১ ঘ.
bdnews24