২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি দমনে পাকিস্তানকে সহায়তা করা উচিত ভারতের: হিলারি

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানকে সহযোগিতা করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতকেও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। শুক্রবার রাতে ভারতে পাঁচ দিনের সফরে মুম্বাই পৌঁছে তিনি এ আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 12:11 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

মুম্বাই, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানকে সহযোগিতা করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতকেও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। শুক্রবার রাতে ভারতে পাঁচ দিনের সফরে মুম্বাই পৌঁছে তিনি এ আহ্বান জানিয়েছেন। ভারতের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার উদ্দেশ্যেই হিলারির এ সফর। তুমুল বৃষ্টির মধ্যে মুম্বাইয়ে বিমান থেকে নামেন হিলারি। এ সময় ভারতীয় কর্মকর্তারা তাকে লাল গোলাপ দিয়ে বরণ করেন। এ সফরের মাধ্যমে তিনি ভারত-পাকিস্তান বন্ধন দৃঢ় করার প্রত্যাশা করছেন। গত নভেম্বরে মুম্বাই হামলার পর চিরবৈরী এ দু'দেশের সম্পর্ক আরও বৈরী হয়েছে। গত বৃহস্পতিবার ন্যাম সম্মেলনের ফাঁকে এক বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বৈঠক করেছেন। ওই বৈঠকে দু'প্রধানমন্ত্রীই একসঙ্গে সন্ত্রাসবাদ মোকাবেলায় রাজি হয়েছেন। তবে ভারতীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন, আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে পাকিস্তানকে অবশ্যই মুম্বাই হামলায় দায়ীদের শাস্তি দিতে হবে। ভারতে তাজমহল প্যালেস অ্যান্ড টাওয়ার হোটেলে অবস্থান করছেন হিলারি। গত ২৬ নভেম্বরের মুম্বাই হামলায় ওই বিলাসবহুল হোটেলটি হামলাকারীদের মূল লক্ষ্য ছিল। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়। শনিবার ভারতীয় নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে অংশ নেওয়ার কথা হিলারির। এর আগে তিনি মুম্বাই হামলায় নিহতের উদ্দেশ্যে আয়োজিত এক স্মরণসভায় অংশ নেবেন। হিলারি ভারত এসে পৌঁছানোর আগেই শুক্রবার টাইমস অফ ইন্ডিয়া তার একটি মতামত প্রকাশ করে। এতে হিলারি লিখেছেন, ভারত ও যুক্তরাষ্ট্র দ্'ুদেশেরই "সন্ত্রাসী হামলার ভয়াবহ অভিজ্ঞতা আছে।" তিনি লিখেছেন, "আমরা উভয়েই আমাদের নাগরিকদের জন্য নিরাপত্তা খুঁজছি। আমাদের উচিত আমাদের প্রতিরক্ষা ও আইনপ্রণয়নকারী সংস্থার মধ্যে কাজের সমন্বয় করা। আর সেইসঙ্গে আমাদের পাকিস্তানকে সহিংস চরমপন্থিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করা উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১২৪৩ ঘ.