ইসলামাবাদ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের বিরোধীদলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে শুক্রবার নয় বছরের পুরনো ছিনতাই মামলা থেকে অব্যাহতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এতে করে নির্বাচনে দাঁড়ানোর পথে নেওয়াজের সর্বশেষ বাধা দূর হল।
১৯৯৯ সালে তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশাররফের বিমান ছিনতাইয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর নওয়াজের নির্বাচনে দাঁড়ানো নিষিদ্ধ করা হয়।
মুশাররফকে বরখাস্ত করার সময় নওয়াজ প্রধানমন্ত্রী ছিলেন এবং ওই ঘটনার পরপরই সেনা অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। পরে সিন্ধুর হাইকোর্টে তার বিচার চলে। শরিফ সরকার শ্রীলংকা থেকে ফিরতি মুশাররফের বিমান করাচিতে অবতরণ করতে না দিয়ে সিন্ধুর একটি ছোট শহরে নিয়ে যাওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। শরীফ বরাবরই এ অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে এসেছেন।
শুক্রবার সুপ্রিম কোর্ট এক রায়ে জানায়, "ছিনতাইয়ের অভিযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি। ফলে শরীফকে অব্যাহতি দেওয়া হচ্ছে।"
আদালত তার রায়ে আরও বলে,"মামলার সব দিক বিচার বিশ্লেষণ করে দেখা গেছে ছিনতাই, ছিনতাই প্রচেষ্টা কিংবা সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ কোনওভাবেই আবেদনকারীর বিরুদ্ধে যায় না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এলকিউ/১৯৪১ ঘ.
bdnews24