তেগুছিগালপা, ১৩ জুলাই, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২৮ জুনে সেনা অভ্যুত্থানের পর জারি করা কারফিউ রোববার তুলে নিয়েছে হন্ডুরাসের অন্তর্বর্তী সরকার। ওই অভ্যুত্থানে প্রেসিডেন্ট মানুয়েল জেলায়াকে উৎখাত করে সেনাবাহিনী। দেশে শান্তি ফেরাতে সরকার সফল হয়েছে বলে জানিয়েছে হন্ডুরাস।
সেনা অভ্যুত্থান শেষে হন্ডুরাসের কংগ্রেস রবার্তো মিচেলেত্তিকে আন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচন করার পরপরই তিনি কারফিউ জারি করেছিলেন। রোববার মিচেলেত্তি টেলিভিশন এবং বেতারে কারফিউ তুলে নেওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, "সরকার দেশে কেবল অপরাধ কমাতেই সক্ষম হয়নি বরং শান্ত অবস্থা ফিরিয়ে আনতেও সফল হয়েছে।"
হন্ডুরাসের সেনাবাহিনী ২৮ জুন জেলায়াকে উৎখাত করে কোস্টারিকায় নির্বাসনে পাঠায়। জেলায়া এরপর দেশে ফেরার অঙ্গীকার করলে হন্ডুরাস সরকার তাকে গ্রেপ্তারের হুমকি দেয়। জেলায়া এ হুমকি অগ্রাহ্য করে দেশে ফেরার চেষ্টা করে ব্যর্থ হন।
২০০৬ সাল থেকে হন্ডুরাসের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট জেলায়া তার ৪ বছর মেয়াদ শেষের পরও তা বাড়াতে সংবিধান পরিবর্তনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা চালানোয় বিচারবিভাগ, কংগ্রেস এবং সেনাবাহিনী ক্ষুব্ধ হয়।
জেলায়া বিষয়টি নিয়ে গণভোট অনুষ্ঠানের চেষ্টা নেওয়ার আগেই সেনা অভ্যুত্থানে উৎখাত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০৪১ ঘ
bdnews24