ইয়াঙ্গুন, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির বিচার বেশকিছুদিন মুলতবি থাকার পর শুক্রবার আবার শুরু হয়েছে। বিচার চলাকালে সাংবাদিকসহ লোকজনদের প্রবেশ নিষিদ্ধ করেছে জান্তা সরকার।
আইনি কয়েকটি সূত্র জানিয়েছে, ইয়াঙ্গুনের নর্দার্ন ডিস্ট্রিক্ট কোট সু চির সাক্ষী খিন মোয়ে মোয়ের সাক্ষ্য শুনেছে।
১৮ মে তে সু চির বিচার শুরু হয়। কিন্তু পরে সু চির পক্ষে আরও সাক্ষী জোগাড়ের জন্য তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচার পিছিয়ে দেয় আদালত।
শুক্রবার সু চির রুদ্ধদ্বার বিচারের সমালোচনা করে সমালোচকরা বলেছেন, এটি আগামী বছরের নির্বাচন থেকে সু চিকে দূরে সরিয়ে রাখারই চাল। বিচারে দোষী সাব্যস্ত হলে সু চির ৫ বছরের জেল হতে পারে।
বাড়িতে এক মার্কিন নাগরিক অনুপ্রবেশের ঘটনায় গৃহবন্দিত্বের আইন লঙ্ঘনের অভিযোগে সু চির বিচার চলছে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন এক সপ্তাহ আগে মিয়ানমার সফরকালে সু চির বিরুদ্ধে অভিযোগ বাতিলের আবেদন জানান। ওই আবেদন উপেক্ষা করে শুক্রবার আবার সু চির বিচার শুরু করল মিয়ানমার জান্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০০ ঘ.
bdnews24